রিমান্ড শেষে শফিকুল কবিরসহ পাঁচ আসামি কারাগারে
জুরাইনের আলমবাগে ফারজানা রিতা ও তাঁর দুই সন্তান পাবন ও পায়েলের প্ররোচিত আত্মহত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি সাংবাদিক শফিকুল কবিরসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য দুই আসামি রাশেদুল কবির ও রাজিয়া সুলতানা স্মৃতিকে এখনো জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।গোয়েন্দা সূত্র জানায়, আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার হওয়া শফিকুল কবির, তাঁর স্ত্রী নূর বানু, মেয়ে সুখন কবির, কবিতা কবির ও জামাতা দেলোয়ার হোসেন পাটোয়ারীকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। পুনরায় রিমান্ড না চাওয়ায় আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান জানান, রিমান্ডে থাকা রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া নিজেদের নির্দোষ দাবি করছেন।১১ জুন জুরাইনের আলমবাগের বাসা থেকে ফারজানা, তাঁর ছেলে ইশরাক পাবন (১৩) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে রিতা তাঁদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়াল ও কাগজে লিখে রাখেন। এসব লেখায় আসামিদের সবার নাম রয়েছে। এ ছাড়া রাশেদুল কবিরের দ্বিতীয় বিয়েতে রিতার কোনো আপত্তি নেই—এ কথা লেখা একটি কাগজে জোরপূর্বক সই নেওয়া হয় বলে দেয়ালে লেখা রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।