রিমান্ড শেষে সাথী কারাগারে
হত্যাকাণ্ডের শিকার শিশু সামিউলের মায়ের বন্ধু শামসুজ্জামানের স্ত্রী নাদিরা জামান সাথীকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। আদাবর থানা সূত্র জানায়, দ্বিতীয় দফা রিমান্ড শেষে গতকাল সাথীকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। এদিকে মামলার তদারকি কর্মকর্তা তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলোকে জানান, সামিউলের মা আয়েশার তৃতীয় দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার রিমান্ড শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ পর্যন্ত তদন্তে ও রিমান্ডে জিজ্ঞাসাবাদে শিশুটির হত্যায় আয়েশা ও সাথীর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।আদাবর থানার অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো সামিউলের মায়ের বন্ধু শামসুজ্জামান গত বুধবার আদালতে দ্বিতীয় দফায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শামসুজ্জামান বলেছেন, তিনি একাই সামিউলকে অপহরণের পর ফলের রসের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাইয়ে দেন। পরে তার লাশ বস্তায় ভরে নবোদয় হাউজিংয়ের ভেতরই একটি ফাঁকা জায়গায় ফেলে দেন। এর আগে শামসুজ্জামান হত্যাকাণ্ডে আয়েশাকে জড়িয়ে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। জানা গেছে, ওই জবানবন্দিতে তথ্যের গরমিল ছিল এবং অনেক প্রশ্নের জবাব মেলেনি। শামসুজ্জামান এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে।গত ২২ জুন সাড়ে পাঁচ বছর বয়সী সামিউল আজিম নিখোঁজ হয়। দুই দিন পর তার বস্তাবন্দী লাশ উদ্ধার হয়। সামিউলের বাবা কে আর আজম বাদী হয়ে স্ত্রী আয়েশা হুমায়রা ও স্ত্রীর বন্ধু শামসুজ্জামান আরিফকে আসামি করে মামলা করেন।