রিমান্ড শেষে সেই বাসচালক জামির জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজনের নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার বাসচালক জামির হোসেনকে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।রিমান্ড শেষে গতকাল জামির হোসেনকে মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক গাজী দেলোয়ার হোসেন এ নির্দেশ দেন। ২১ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।গত মঙ্গলবার জামিরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। দুর্ঘটনার পরপরই বাসচালক জামির পালিয়ে যান। ওই দিনই বাসচালক জামিরকে আসামি করে ঘিওর থানায় মামলা করা হয়। গত রোববার রাতে তাঁকে মেহেরপুরের গাংনী উপজেলার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ-উল ইসলাম বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় জামির নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তবে তাঁর ড্রাইভিং লাইসেন্সটি ছিল মেয়াদোত্তীর্ণ।কর্মবিরতির হুমকি: বাসচালক জামির হোসেনকে ২২ আগস্টের মধ্যে জামিনে মুক্তি দেওয়ার দাবি করেছে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। অন্যথায় ২৩ আগস্ট সকাল থেকে সংগঠনের সব শ্রমিক লাগাতার কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।সংগঠনের সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডল খুলনা বিভাগীয় কমিশনারের কাছে লেখা চিঠিতে জামিরের মুক্তির এ দাবি জানান।গত বৃহস্পতিবার রাতে চিঠিটি খুলনার বিভাগীয় কমিশনারের বরাবরে পাঠানো হয়। চিঠির অনুলিপি যোগাযোগমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়, জামিনযোগ্য অপরাধ হওয়া সত্ত্বেও জামিরকে জামিন না দেওয়ার লক্ষ্যে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করছে পুলিশ।এদিকে, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম গতকাল মানিকগঞ্জে সাংবাদিকদের বলেন, বাসচালক জামির হোসেন নির্দোষ। তাঁকে ২২ আগস্টের মধ্যে জামিনে মুক্তি দেওয়া না হলে চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ রুটগুলোতে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।