রিমান্ড শেষে স্বামী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামারুখ মাহজাবিন
শামারুখ মাহজাবিন

চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলায় তাঁর স্বামী হুমায়ুন সুলতানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিন দিনের রিমান্ড শেষে হুমায়ুন সুলতানকে গতকাল আদালতে হাজির করে ধানমন্ডি থানার পুলিশ। পুলিশ তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানায়। আসামিপক্ষে আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে হুমায়ুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানীর ধানমন্ডিতে শ্বশুর খান টিপু সুলতানের বাসায় ১৩ নভেম্বর চিকিৎসক শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় শামারুখের বাবা নুরুল ইসলাম মেয়ের শ্বশুর, শাশুড়ি জেসমিন আরা ও স্বামীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় ওই দিন রাতে হত্যা মামলা করেন। ওই রাতেই হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। রোববার তাঁকে রিমান্ডে নেওয়া হয়। খান টিপু সুলতান যশোর-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ। তিনি ও তাঁর স্ত্রী উচ্চ আদালতের আগাম জামিনে রয়েছেন।
শামারুখ গত বছর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তাঁর শাশুড়ি ওই কলেজের অধ্যাপক।
শামারুখের নিরপেক্ষ ময়নাতদন্ত প্রতিবেদন এবং এ হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে গতকাল বেলা দুইটা থেকে এক ঘণ্টা মানববন্ধন করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। মগবাজারে জাতীয় মানবাধিকার কমিশনের সামনে এ মানববন্ধন করা হয়।