রিমান্ড শেষে হাসনাত কারাগারে
হাসনাত করিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব এ আদেশ দেন। এর আগে ৮ দিনের রিমান্ড শেষে হাসনাতকে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে নতুন করে আর রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৩ আগস্ট হাসনাতকে গুলশানে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেয় পুলিশ। হাসনাতকেই এই মামলার প্রথম আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখানোর আগে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
গত ১ জুলাই রাতে জঙ্গিরা গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের পাশে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায়। পরদিন সকালে সেনা কমান্ডোরা অভিযান চালিয়ে হলি আর্টিজান থেকে নারী, শিশুসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করে। তাঁদের মধ্যে আটজনকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। সেখানে হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ছাড়া অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
৮ জুলাই পুলিশ হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা জানালেও তাঁরা বাসায় ফিরে যাননি বলে তাঁদের পরিবার জানিয়েছিল।
৩ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে এবং গুলশানে আড়ংয়ের সামনে থেকে হাসনাতকে আটক করার কথা জানায় পুলিশ।
হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হন দেশি-বিদেশি ২০ নাগরিক। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তাও।
আরও পড়ুন: