রিমান্ড শেষে ‘ভেজাল সালাম’ জেলহাজতে
রাজশাহীর বাগমারায় ভর্তুকির সারে ভেজাল মেশানোর মূল হোতা আবদুস সালামকে (ভেজাল সালাম হিসেবে পরিচিত) তিন দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর সালাম গত ১৯ সেপ্টেম্বর রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। আদালত সোমবার তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার সকালে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, ভর্তুকির সারে ভেজাল মেশানোর ব্যাপারে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেননি সালাম। সালাম নিজেকে বাঁচিয়ে কৃষি কর্মকর্তাকে জড়ানোর চেষ্টা করেছেন। জিজ্ঞাসাবাদে সালাম জানিয়েছেন, কৃষি কর্মকর্তা তাঁর গুদামঘর ভাড়া নিয়ে ভেজাল মিশিয়েছেন। তবে সালামই ভেজালের মূল হোতা বলে পুলিশ নিশ্চিত হয়েছে।গত ৯ জুলাই সালামের গুদামে ভর্তুকির সারে ভেজাল মেশানোর সময় পুলিশ তাঁর দোকানের দুই কর্মচারী ও কৃষি অফিসের ঝাড়ুদারকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীর, ডিলার সালামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।