রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলায় তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফিরোজ কবির এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা মকবুল হোসেন তিন আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান ওরফে নয়ন এবং শহরের ধাপ এলাকার বাসিন্দা আবু রায়হান ও সজল। রোববার সকালে হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহর ব্যক্তিগত সহকারী রুহুল আমিন কর্মস্থলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন। তিন যুবক মোটরসাইকেলে করে এসে তাঁকে দুটি গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ রুহুল আমিন হাসপাতালের তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতিও। কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ঘটনার দিন রাতেই রুহুল আমিনের স্ত্রী সাইফুন নাহার থানায় মামলা করেন।