রিমান্ডে আকবর নিজেকে বাঁচিয়ে তথ্য দিচ্ছেন
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর জিজ্ঞাসাবাদে নিজেকে বাঁচিয়ে পুলিশকে তথ্য দিচ্ছেন। সিআরবি এলাকায় সংঘর্ষ ও দুজন নিহত হওয়ার ঘটনায় প্রতিপক্ষ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। গত ২৪ জুন চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের ৯৬ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আট বছরের শিশু আরমান এবং যুবলীগের নেতা সাজু পালিত গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় করা মামলায় আকবরকে গত শনিবার দুপুরে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাঁর আরও চার সহযোগীসহ পাঁচজনকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে আকবর দাবি করেন, ঘটনার সময় তিনি চট্টগ্রামে রেলের সদর দপ্তর সিআরবি এলাকায় ছিলেন না। ২৪ জুন গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হওয়ার ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নন। তবে ঠিকাদারি ব্যবসায় নিজের জড়িত থাকার কথা তিনি স্বীকার করেন।মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে আকবর সংঘর্ষের ঘটনায় জড়িত নন বলে দাবি করেন। তবে তাঁর কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে, যা আমরা যাচাই করে দেখছি।’ পুলিশ ঘটনার দিন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাইফুল আলম ওরফে লিমনসহ ৫২ জনকে গ্রেপ্তার করে। ২৫ জুন দিবাগত রাতে ঢাকার নিকেতন এলাকার একটি বাসা থেকে আকবরসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে শাকিল নামের এক যুবক ঢাকা নগর পুলিশের একটি মামলার আসামি। তাঁকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বাকি পাঁচজনের রিমান্ড মঞ্জুর করা হয়।