রিমান্ডে আরও ১০ জনের নাম এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি বেচাকেনা চক্রের আরও ১০ জনের নাম পেয়েছে পুলিশ। কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত সন্দেহ গ্রেপ্তার হওয়া পাঁচজনের প্রথম দিনের রিমান্ডে এই তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
গত শুক্রবার রাজধানীর শাহবাগ ও গাবতলী থানা এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের প্রলোভনে পড়া দুই ব্যক্তিকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন আবদুল জলিল, শাকিল আহমেদ, রাব্বি, দিহান ও আশিকুর রহমান। তাঁদের তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদা আফরোজ প্রথম আলোকে বলেন, রিমান্ডের প্রথম দিনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবদুল জলিল পুলিশকে বলেন, ১০ বছর ধরে তিনি কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত। তিনি মানুষকে কিডনি বিক্রিতে উৎসাহিত করতেন। এ জন্য তিনি মানুষকে নিজের কিডনি দেওয়ার উদাহরণ দিয়ে বলতেন, ‘কিডনি দিলে কিছু হয় না। কিডনি দিলেও আমি এত বছর ধরে সুস্থ আছি।’
এ ছাড়া আবদুল জলিল পুলিশকে কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত আরও ১০ জনের নাম বলেছেন বলে জানান মাহমুদা আফরোজ।