চট্টগ্রামে শামীমুর রহমান নামের এক আসামিকে রিমান্ডে নেওয়ার পর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই অভিযোগ অস্বীকার করেছে।
শামীমুর রহমান সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্ল্যাশ ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতীয় রুপি আনার ঘটনায় করা মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।
আসামির আইনজীবী রাসেল সরকার প্রথম আলোকে বলেন, শামীমুর রহমানকে ৬ অক্টোবর পাঁচ দিনের রিমান্ডে নেয় সিআইডি। শারীরিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে সিআইডি।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ দলের পরিদর্শক লিটন দেওয়ান বলেন, ‘তাঁকে (শামীমুর) কোনো ধরনের নির্যাতন করা হয়নি। তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার ভয়ে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন।’
গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌনে দুই কোটি রুপি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় শামীমুর রহমানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় বন্দর থানায় করা মামলার তদন্ত করছে সিআইডি।