রিমান্ডে নিয়ে আসামিকে নির্যাতনের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শককে (এসআই) তলব করেছেন আদালত। নারায়ণগঞ্জ বিচারিক হাকিম মেহেদী হাসান গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের এসআই কাওছার আহমেদ বলেন, আগামী ১ নভেম্বর আদালতে হাজির হয়ে ওসি আসাদুজ্জামান ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমীর হামজাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, মোটরসাইকেল চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে ইমরুল হাসানকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। গত শনিবার আদালত থেকে তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে ইমরুলের জননাঙ্গে জ্বলন্ত সিগারেটের ছঁ্যাকা দেন এসআই আমীর হামজা। পাশাপাশি তাঁর নিতম্বে নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। রোববার আদালতে পাঠিয়ে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আবেদন করে পুলিশ। এ জন্য নারায়ণগঞ্জ বিচারিক হাকিম মেহেদী হাসানের আদালতে হাজির করা হলে ইমরুল কান্নাকাটি করতে থাকেন। এ সময় আদালত তাঁর সমস্যার কথা জানতে চান। তখন পুলিশি নির্যাতনে ক্ষতস্থান আদালতকে দেখিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি মোটরসাইকেল চুরির বিষয়ে কিছুই জানেন না বলেও জানান। এ পরিস্থিতিতে আদালত তাঁর জবানবন্দি না নিয়ে গতকাল এক আদেশে ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে নির্যাতনের ঘটনার কারণ জানতে চেয়ে তলব করেন।
তবে ওসি আসাদুজ্জামান ও এসআই আমীর হামজা বলেন, ওই আসামির ওপর নির্যাতন চালানো হয়নি।
পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ১৭/৪ ডন চেম্বার এলাকায় হারিছ মোল্লা নামের একজনের আড়াই লাখ টাকা মূল্যের মোটরসাইকেল চুরি হয়। তিনি সদর মডেল থানায় পরদিন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। এতে ইমরুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।