রিমান্ডে আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল থানায় রিমান্ডে নেওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে এক আসামির মৃত্যুর ঘটনায় উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে ওই সুপারিশ করা হয়।ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া এসআই আবদুল মান্নানকে শনিবার বেলা তিনটার দিকে সুধারাম থানা থেকে নোয়াখালীর বিশেষ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এদিকে নিহত রবিউলের লাশ শুক্রবার রাত নয়টার দিকে খিলপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাজারী গতকাল শনিবার প্রথম আলোকে জানান, তদন্ত কমিটি এসআই মান্নানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।চাটখিল উপজেলার খিলাপাড়া গ্রামের রবিউল হাসান ওরফে খোকনকে সন্দেহজনকভাবে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ মে দুই দিনের রিমান্ডে নেন চাটখিল থানার এসআই আবদুল মান্নান। অভিযোগ উঠেছে, রিমান্ডে ব্যাপক নির্যাতনে ওই রাতেই অসুস্থ হয়ে পড়েন রবিউল। ১৩ মে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় রবিউলের মা রৌশনারা বেগমের দায়ের করা হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)। ডিবির পরিদর্শক বেলাল হোসেন প্রথম আলোকে জানান, ‘শনিবার (গতকাল) দুপুর পর্যন্ত এ সংক্রান্ত আদেশের অনুলিপি পাইনি। পেলেই তদন্ত শুরু হবে।’