ঢাকার সেই চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌসকে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামির পাঁচ দিনের রিমান্ড গত বৃহস্পতিবার শেষ হয়েছে। পুলিশ জানিয়েছে, রিমান্ডে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি কাজী মহিউদ্দিন ওরফে মোহন (২৮) ও তাঁর বাসার চারতলার ভাড়াটে আরিফ বিল্লাহকে (২৫) রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গত বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডে রেলওয়ে পুলিশের ময়মনসিংহ সার্কেলের পরিদর্শক খোকন চন্দ্র সরকার আসামিদের জিজ্ঞাসাবাদ করেন।জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা ঠিক হবে না। তবে ধর্ষণ ও হত্যার ঘটনায় এই দুই আসামি ছাড়াও একাধিক ব্যক্তি জড়িত থাকার আভাস মিলেছে।ঢাকার আশকোনার একটি বাড়িতে মা-বাবার সঙ্গে থাকত জান্নাতুল। ৪ এপ্রিল সে নিখোঁজ হয়। রেলওয়ে পুলিশ ওই দিন রাতে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন থেকে কার্টনে ভরা জান্নাতুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অভিযোগে ৭ এপ্রিল আশকোনার ওই বাড়ির মালিক কাজী মহিউদ্দিন এবং ওই বাসার চারতলার ভাড়াটে আরিফকে গ্রেপ্তার করা হয়।