কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় ১০ দিনের রিমান্ডে থাকা জাহিদুল হককে গতকাল বুধবার তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিন তাঁর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মুর্শেদ জামান বলেন, জাহিদুলের কাছ থেকে পাওয়া এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িত অন্য জঙ্গিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে জাহিদুলকে মানসিক ভারসাম্যহীন বলে তাঁর বাবা জেলা শহরের তারাপাশা এলাকার বাসিন্দা আবদুস সাত্তার দাবি করেছেন। তবে পুলিশ বলছে, জঙ্গিদের সঙ্গে গোলাগুলির সময় জাহিদুলকে ঘটনাস্থল থেকে প্যান্ট ও টি-শার্ট পরা অবস্থায় আটক করা হয়। গোলাগুলির সময় জাহিদুল তাঁর গায়ের সবুজ পাঞ্জাবি ও সাদা পাজামা বদল করে ফেলেছিলেন, সেগুলো জব্দও করা হয়েছে।
ঈদের দিন গত বৃহস্পতিবার শোলাকিয়া ঈদগাহর অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশের সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলার ঘটনায় পুলিশের দুই সদস্য, এক নারী ও এক সন্ত্রাসী নিহত হয়। ঘটনার পর দুই সন্ত্রাসীসহ সাতজনকে আটক করে পুলিশ।
কিশোরগঞ্জ র্যা ব-১৪-এর অধিনায়ক রাজিব কুমার দেব বলেন, শোলাকিয়া হামলা মামলার প্রধান আসামি শফিউল ইসলাম র্যা ব হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিউল সরাসরি হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, শোলাকিয়া ঈদগাহ মাঠে হামলা করাই তাঁদের মূল লক্ষ্য ছিল। তদন্তের স্বার্থে এর বেশি বলা যাবে না। শফিউল সুস্থ হলেই তাঁকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।