রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে ভোলা
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসামি এহতেশামুল হক ওরফে ভোলা। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই শুরু করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে হাজির করা হলে ভোলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান আজ আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, গত রোববার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভোলাকে নগরের লালদীঘি এলাকার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়েছে। আলোচিত এই হত্যা মামলায় ব্যবহৃত অস্ত্র-গুলি সম্পর্কে আসামি ভোলার কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি একজন পেশাদার অপরাধী। মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা হোক। আসামি জামিনে গেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, মাহমুদা হত্যা মামলার আসামি ভোলাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, রিমান্ডে ভোলার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পিস্তল ও গুলি কেন, কার নির্দেশে সরবরাহ করেছিলেন—জিজ্ঞাসাবাদে ভোলা কিছু বলেছেন কি না, এ প্রশ্নের উত্তরে তদন্তের স্বার্থে কিছুই বলা যাবে না বলে জানান তদন্ত কর্মকর্তা।
গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মাহমুদাকে। চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় বাবুল আক্তারের ‘সোর্স’ হিসেবে কাজ করতেন ভোলা। মাহমুদা হত্যার তিন সপ্তাহ পর গত বছরের ২৭ জুন এ মামলায় গ্রেপ্তার হওয়া মো. ওয়াসিম ও আনোয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা উল্লেখ করেন, কামরুল শিকদার ওরফে মুছার নেতৃত্বে হত্যাকাণ্ডে তাঁরা সাত-আটজন অংশ নেন। অস্ত্র সরবরাহ করেন ভোলা। ওই দিন রাতেই পুলিশ বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধার করেন। গ্রেপ্তার করা হয় ভোলা ও তাঁর সহযোগী মো. মনিরকে।
তদন্ত শেষে গত বছরের ২৮ জুলাই ভোলা ও মনিরের বিরুদ্ধে বাকলিয়া থানায় করা অস্ত্র মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।