রিমান্ডে তৌফিকুর রহমানের তথ্য যাচাই করছে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীতে সংঘটিত তিন খুনের ঘটনায় রিমান্ডে থাকা নিহত মিজানুর রহমানের ভাইপো তৌফিকুর রহমানের দেওয়া তথ্য যাচাই করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠিয়ে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে।তিন খুনের মামলাটি ডিবি তদন্ত করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, রিমান্ডে তৌফিকুর তাঁর চাচা মিজানুর রহমান, চাচি বীথি রহমান ও দাদি সুফিয়াকে নিজে খুন করার কথা স্বীকার করেছেন। তিনি নিজেকে মাদকসেবী দাবি করে জানান, চাচার দোকানগুলোর মালিক হওয়ার স্বপ্ন নিয়ে তিনি এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রিমান্ডে দেওয়া তাঁর তথ্য পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হয় না, আবার তাঁর কথাকে অগ্রাহ্য করাও যাচ্ছে না। তিনি বলেন, হত্যাকাণ্ডে অংশ নেওয়া অপর দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করা গেলে হত্যার উদ্দেশ্য ও এর নেপথ্যের ব্যক্তিদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।তদন্তকারী কর্মকর্তারা জানান, তিন দিনের রিমান্ড শেষে তৌফিকুরকে আজ আবারও রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হবে। গত বৃহস্পতিবার খুনের পরপরই পুলিশ আটক করে তৌফিকুর রহমানকে। এরপর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত বৃহস্পতিবার সকালে শহীদ ফারুক সড়কের বাড়িতে ঢুকে মিজানুর রহমান, তাঁর মা সুফিয়া খাতুন (৭৬) ও স্ত্রী বীথি রহমানকে (৪৫) গুলি ও জবাই করে হত্যা করা হয়।