রিমান্ডে থাকা আসামির আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি প্রতারণা মামলায় আসামিকে রিমান্ডে আনার পর গতকাল বুধবার থানাহাজতে ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এতে বুলবুল হাওলাদার (৩৮) নামের ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুলবুল উপজেলার বড় কৈবর্তখালী এলাকার মৃত মালেক হাওলাদারের ছেলে।
থানা-পুলিশ সূত্র জানায়, রাজাপুর সদরের বাইপাস মোড় এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী দুলাল হাওলাদারের করা একটি প্রতারণা মামলায় গত সোমবার সন্ধ্যায় বুলবুলকে গ্রেপ্তার করে রাজাপুর থানার পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে। আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বুধবার নয়টার দিকে বুলবুল রাজাপুর থানাহাজতে থাকা অবস্থায় তাঁর কোমরে থাকা কালো রশি (তাগা) দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল বুলবুলের গোঙানির শব্দ শুনে হাজতখানার সামনে যান এবং তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘প্রাথমিক অবস্থায় আত্মহত্যার চেষ্টার আলামত পাওয়া গেছে। তাঁর অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ বলেন, ‘তাঁকে কোনো নির্যাতন করা হয়নি। তিনি নিজে থেকেই আত্মহত্যার চেষ্টা করেন। এখন তাঁর বিরুদ্ধে আত্মহত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হবে।’