রিমান্ডে থাকা আসামির হাসপাতালে মৃত্যু
ডাকাতির মামলায় নোয়াখালীর চাটখিল থানার পুলিশের রিমান্ডে থাকা রবিউল হাসান ওরফে খোকন (৩০) নামের এক আসামি গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত রবিউল চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের (মজ্জতপাড়া) মো. শাহজাহানের ছেলে।পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলোকে জানান, এ ঘটনায় গতকাল তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।চাটখিল থানা সূত্রে জানা গেছে, রবিউল আগের একটি মামলায় গত জানুয়ারি থেকে নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন। চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামের রুহুল আমিনের বাড়িতে গত ২৫ অক্টোবরের ডাকাতির ঘটনায় করা মামলায় সন্দেহজনকভাবে খোকনকে আসামি করা হয়। এই মামলায় ১০ মে তাঁকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের প্রথম দিন রাতেই থানায় জিজ্ঞাসাবাদ চলাকালে খোকন অসুস্থ হয়ে পড়েন। পুলিশ সেই রাতেই প্রথমে তাঁকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বুধবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে বুধবার রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলে গতকাল সকাল সাতটায় তিনি মারা যান।এ ব্যাপারে কথা বলতে গতকাল সন্ধ্যা পর্যন্ত একাধিকবার চেষ্টা করেও চাটখিল থানার ওসির মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরে ওই ডাকাতির মামলার তদন্ত কর্মকর্তা চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান প্রথম আলোকে জানান, রিমান্ডে নিয়ে খোকনকে সামান্য মারপিট করা হয়েছে। তাতে তাঁর মৃত্যু হওয়ার কথা নয়। খোকন আগে থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছিলেন।এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, খোকনের পা ও হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিকিৎসার জন্য তাঁকে বুধবার সকালে এই হাসপাতালে ভর্তি করা হয়।