রিমান্ডে থাকা রাজশাহীর শিবির নেতা হাসপাতালে
ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন সরকারকে রিমান্ডে থাকা অবস্থায় আজ রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, তিন দিনের রিমান্ড শেষে আজ জসিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাঁর আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বেলা একটার দিকে শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, এ ব্যাপারে চিকিৎসকেরা আরও ভালো বলতে পারবেন।
জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক গাজী সাইফুল আলম চৌধুরী রোববার রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে জানান, আপাতত তাঁকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরে বলা যাবে, তাঁর কী সমস্যা হয়েছে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গত ২৫ জুলাই দিবাগত রাতে জসিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। গত বৃহস্পতিবার আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার রিমান্ড শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছিল।
পুলিশের দেওয়া তথ্যমতে, জসিমের নামে নয়টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।