বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ মওদুদ আহমদ বলেছেন, দেশে রিমান্ডে নিয়ে নির্যাতন বেড়েই চলেছে। সরকার এগুলো বন্ধের কোনো উদ্যোগ নিচ্ছে না। এভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন চলতে থাকলে শিগগিরই সরকারের পতন হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী ফোরাম আয়োজিত ‘রিমান্ডে নির্যাতন ও মানবাধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকার দুর্বল সরকার। জনগণের সত্যিকার ভোটে নির্বাচিত হলে সরকার রিমান্ডে নিয়ে মানুষকে নির্যাতন করত না। সরকারের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে বলেই রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। তাঁর দাবি, এ দেশের মানুষ না খেয়ে থাকতে পারে, তবে রাষ্ট্রের নির্যাতন সহ্য করবে না। নিজেদের ভুল স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা ক্ষমতায় থাকার সময় ভুল করেছি। তার জবাব জনগণ আমাদের দিয়েছে।ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কুরবান আলীর সভাপতিত্বে সেমিনারে সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী, দিনকাল-এর সম্পাদক রেদোয়ান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, অধ্যাপক মাহবুব উল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা রুহুল আমিন গাজী প্রমুখ বক্তব্য দেন।