রিমান্ডে নির্যাতনের অভিযোগ রহিম ও লিয়াকতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম অভিযোগ করেছেন, তাঁকে নির্যাতন করে ১০ ট্রাক অস্ত্র মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি আদায় করেছে সিআইডি। এনএসআইয়ের আরেক সাবেক কর্মকর্তা মেজর (অব.) লিয়াকত হোসেনও মামলার তদন্তকারী সংস্থা সিআইডির বিরুদ্ধে নির্যাতন করার অভিযোগ এনেছেন। তাঁর দাবি, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি না দেওয়ায় তাঁকে এ মামলার আসামি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা শেষে এই দুই আসামি আদালতকে তাঁদের বক্তব্য দেন। এ সময় আবদুর রহিম ও লিয়াকত হোসেন নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি এবং উল্লিখিত অভিযোগ করেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম আদালতে অভিযোগ করেন, সিআইডি অফিস ও টিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) কেন্দ্রে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে তাঁকে নির্যাতন করা হয়েছে। তিনি দাবি করেন, প্রাণে বাঁচতে সিআইডির কথামতো তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। ওই জবানবন্দি না দিলে তাঁকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় জড়ানো হবে বলা হয়েছিল। কিন্তু দুই বছর পর ওই মামলায়ও জড়ানো হয়। তিনি সিআইডির শেখানো জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন বলেও জানান।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎকালীন এই মহাপরিচালক দাবি করেন, ‘২০০৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার মায়ের মৃত্যুবার্ষিকীতে যাওয়ার পথে শুনি, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়েছে। এর বেশি কিছু আমি জানি না।’ বক্তব্যের শেষের দিকে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এরপর আদালতে বক্তব্য দেন মেজর (অব.) লিয়াকত হোসেন। তিনি দাবি করেন, তিনি ২০০৪ সালের আগে কখনো চট্টগ্রামে আসেননি। অথচ তাঁকে অস্ত্র খালাসের সময় আবুল হোসেন ছদ্মবেশে ছিলেন বলে ঘটনার প্রত্যক্ষদর্শী সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দিন টিআই প্যারেডে শনাক্ত করেছেন। তিনি আদালতকে বলেন, গ্রেপ্তারের দিন তাঁকে এনএসআইয়ের বর্তমান মহাপরিচালক মনজুর আহমেদ কার্যালয়ে ডেকে পাঠান। সেখান থেকে বের হওয়ার পর সিআইডি তাঁকে আটক করে সিআইডির কার্যালয়ে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১০টায় মামলার তাঁকে ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।

লিয়াকত অভিযোগ করেন, তাঁকে প্রথম দফায় রিমান্ডে নিয়ে নির্যাতন করে আবদুর রহিম, রেজ্জাকুল হায়দার সম্পর্কে মিথ্যা জবানবন্দি দিতে বলা হয়। তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হলে তিনি বলেন, কিছু জানেন না। তাঁর অভিযোগ, ‘এরপর আমাকে আবার রিমান্ডে নিয়ে তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “পাঁচ বছর থাকতে হবে। জবানবন্দি দেন।” এ সময় আমি বলি, মিথ্যা বলার মতো পাপ অন্য কিছুই নেই। তখন আমাকে আমার ছোট ছেলে-মেয়ের ভয় দেখানো হয়। নাম জানি না, এক র‌্যাবের অফিসার এসে আমাকে হত্যার হুমকি দেয়। এর পরও আমি ১৬৪ ধারায় মিথ্যা জবানবন্দি দিইনি। এ কারণে আমাকে এ মামলায় ফাঁসানো হয়।’

লিয়াকত দাবি করেন, চট্টগ্রাম নগরের দামপাড়ায় অবস্থিত সিআইডি কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় একজন সাংবাদিক, সার্জেন্ট আলাউদ্দিন ও হেলালউদ্দিন এবং পুলিশের তৎকালীন উপকমিশনার (বন্দর) আবদুল্লাহ হেল বাকী উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘ওই সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, অস্ত্র খালাসের সময় আমি সিইউএফএল জেটিঘাটে উপস্থিত ছিলাম কি না? পরে আমি উত্তেজিত হয়ে পড়লে তাঁরা অফিস ত্যাগ করেন। জিজ্ঞাসাবাদে সাংবাদিক কেন থাকবেন প্রশ্ন করলে তখন সিআইডির কর্মকর্তারা জানান, তাঁরা মাঝেমধ্যে আসেন। আপনার ঘাবড়ানোর কিছুই নেই।’ পরে সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মুসলেম উদ্দিনের কক্ষে জিজ্ঞাসাবাদ করার সময়ও ওই সাংবাদিক ছিলেন বলে দাবি করেন লিয়াকত।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সিআইডির লোক ছাড়া মেজর লিয়াকতকে কেউ জিজ্ঞাসাবাদ করেননি। তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন।’

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আসামি আবদুর রহিম ও লিয়াকত হোসেন ৩৪২ ধারায় পরীক্ষা শেষে বক্তব্যে তাঁদের নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন। কিন্তু আমার জানামতে সিআইডি তাঁদের কোনো নির্যাতন করেননি। এই অস্ত্র চালান আনার ঘটনায় জড়িত থাকার উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ মেলায় তাঁদের আসামি করা হয়েছে।’ তিনি বলেন, এ মামলার আসামি মতিউর রহমান নিজামী ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে থাকায় গতকাল তাঁকে হাজির করা হয়নি। তাই তাঁর ৩৪২ ধারায় পরীক্ষা হয়নি। বিচারক এস এম মজিবুর রহমান ৭ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।

২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে।