
‘মা চায় সংলাপ৷ ব্যাটা বলে, জিয়া হত্যার ঘটনায় আমাকে রিমান্ডে নেবে। আগে তারাই ঠিক করুক, আসলে কী চায়।’
গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ছয় দিনের চীন সফরের অর্জন তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু প্রশ্নোত্তর পর্বের পুরোটাই ছিল রাজনীতিকেন্দ্রিক৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেন, জিয়াউর রহমান হত্যার ঘটনায় কাউকে রিমান্ডে নিতে হলে তাঁর স্ত্রী খালেদা জিয়া ও ছেলে তারেক রহমানকেই নিতে হবে। সম্পৃক্ততা কতটুকু তা দেখতেই তাঁদের রিমান্ডে নেওয়া উচিত।
এ সময় একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, খালেদা জিয়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সংলাপের কথা বলেছেন, আবার তাঁর ছেলে মালয়েশিয়ায় জিয়া হত্যার ঘটনায় প্রধানমন্ত্রীকে রিমান্ডে নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী উল্টো খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনি স্বামীর লাশ কেন দেখতে চাননি? ওটা গুলি খাওয়া লাশ ছিল। দেখলে কী সমস্যা ছিল? ছেলে আজ বড় কথা বলছে, কিন্তু বাপের মরা মুখ দেখেনি কেন? তখন সে যথেষ্ট বড়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা, মানি লন্ডারিং মামলা, এতিমদের টাকা মেরে দেওয়াসহ বিভিন্ন মামলায় তাদেরই বিচার চলছে।’ জিয়া হত্যা মামলা চট্টগ্রাম আদালতে দেড় শ বার উঠেছে—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তিনবার বিএনপি ক্ষমতায় ছিল। তারেক ব্যবসা-বাণিজ্য করল, হাওয়া ভবন খুলে বিকল্প প্রশাসন চালাল। কিন্তু বাপের হত্যার বিচার করল না। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়ে মামলাটি স্থগিত করে।’ এ প্রসঙ্গে তিনি বলেন, খুনের মামলা এখনো আছে। এই মামলা তামাদি হয় না।
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯০ সালে প্রথম খালেদা জিয়া এরশাদকে তাঁর স্বামীর হত্যাকারী বলে স্বীকার করেন।’ এ প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, ‘তাহলে কেন তাঁর কাছ থেকে দুটি বাড়ি, গাড়ি ও নগদ টাকা নিলেন? রহস্য কী?’
শেখ হাসিনা আরও বলেন, ১৯৮১ সালে তিনি দেশে ফেরার পর জিয়াউর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে তাঁকে ঢুকতে দেননি। বাড়ির বাইরে তিনি দোয়া-দরুদ পড়েছেন। জিয়াউর রহমানকে ‘খুনি’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি বারবার অন্য কোথাও বাড়ি নিতে বলেছেন। আমি নিইনি। কারণ, বাবার খুনি ও ষড়যন্ত্রকারীর কাছ থেকে আমি কেন বাড়ি নিতে যাব?’
সংলাপ নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘কার সঙ্গে সংলাপ করব? তারা শত শত মানুষ হত্যা করেছে। সেই প্রাণ ফেরত দিতে পারবে? বহু সম্পদ ধ্বংস করেছে। গত কয়েক মাসে আমরা সেসব ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি।’
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংলাপ করতে গিয়ে নিজে টেলিফোন করে যে ঝাড়ি খেলাম, সেই সুমধুর বচন আবারও শুনব? তাঁর মতে, নির্বাচনে না গিয়ে যে ভুল বিএনপি করেছে, তা শোধরাতে অনেক সময় লাগবে।
ক্ষমতায় আনার দাবিদারদের প্রসঙ্গে: একজন সাংবাদিক জানতে চান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের কেউ কেউ দাবি করেন, তাঁরাই এই সরকারকে ক্ষমতায় এনেছেন। এমন একটি ধারণাও প্রতিষ্ঠিত হয়েছে। এ সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘কে, কী বলল জানি না। ৪০ শতাংশ ভোটার ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে।’
কূটনীতিকদের দেখা করার যৌক্তিকতা: প্রধানমন্ত্রী বলেন, কূটনীতিক ও বিদেশিরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। কিন্তু তিনি এখন বিরোধী দলের নেতা নন। শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন আমি প্রধানমন্ত্রী কেন, বিরোধী দলের নেতাও হতে পারব না। এখন দেখেন, ‘আল্লাহর মাইর, দুনিয়ার বাইর।”’
গভীর সমুদ্রবন্দর: চীন না জাপান—কোন দেশকে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে দেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে
প্রধানমন্ত্রী বলেন, গভীর সমুদ্রবন্দর নির্মাণ বিষয়ে বেশ কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে। এসব প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। যে দেশ খুব দ্রুত কাজ করতে পারবে, সেই দেশকেই গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে দেওয়া হবে।
রামনাবাদ, মাতারবাড়ি ও রামপাল প্রসঙ্গ: সংশ্লিষ্ট এসব এলাকার উন্নয়ন প্রকল্প সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব জায়গার নাম সাংবাদিকদের অনেকেই জানে না। এটা দুঃখজনক। কলাপাড়া সম্পর্কে জানলেও পায়রা নদী বা রামনাবাদ নামের সঙ্গে অনেকের পরিচয় নেই। সাংবাদিকদের দেশ সম্পর্কে ধারণা থাকা উচিত বলেও মত দেন তিনি।
রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘অদ্ভুত চিন্তার কিছু লোক আছে আমাদের দেশে। না জেনে এবং সেখানে না গিয়েই তাঁরা আন্দোলন করছেন। পশুর নদীর তীরে ডোবা জায়গা ভরাট করে এই বিদ্যুৎকেন্দ্র হয়েছে। সেখানেও রাস্তাঘাট করা হচ্ছে। এই কেন্দ্র নির্মাণ করায় পরিবেশের খুব একটা ক্ষতি হবে না।’ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বড়পুকুরিয়ায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা নিয়ে পরিবেশবাদীদের আপত্তি ছিল। কিন্তু সেখানে পরিবেশের কোনো ক্ষতি হয়নি, বরং জমির উর্বরতা বেড়েছে।
অবহেলিত দক্ষিণাঞ্চল: প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চল অবহেলিত ছিল। আমি দক্ষিণের মেয়ে। ওই অঞ্চলের প্রতি আমার দায়িত্ব আছে।’ তিনি বলেন, ‘দক্ষিণের মানুষেরা আওয়ামী লীগকে ভোট দেয় বলে তাদের বঞ্চিত করা হয়েছে।’ পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, ‘কথিত দুর্নীতির অভিযোগ তুলে আমাকে হেয় করার চেষ্টা হয়েছে। কারণ টার্গেট ছিলাম আমি। এখন আমরা নিজেদের টাকায় এই সেতু নির্মাণ করছি।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গ: প্রধানমন্ত্রী বলেন, এখনই নির্বাচনের প্রশ্ন উঠছে কেন? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের বৈধতা প্রসঙ্গে ড. কামাল হোসেনের দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, সত্তরের নির্বাচনে তিনিও বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তিনি আরও বলেন, ‘উনি সংবিধান তৈরির সঙ্গে জড়িত ছিলেন। সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে।’
চীন সফর প্রসঙ্গ: চীন সফরের বিস্তারিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশটির সঙ্গে যেসব প্রকল্পের চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, সেগুলোর প্রাক্কলিত ব্যয় পাঁচ বিলিয়ন ডলার। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাজশাহী ওয়াসা পানি পরিশোধনাগার প্রকল্প, আইসিটি প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশে বহু লেনবিশিষ্ট টানেল নির্মাণ, চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর দ্বিতীয় রেলসড়ক সেতু নির্মাণ, চট্টগ্রাম-রামু-কক্সবাজার এবং রামু-গুনধুম দ্বৈতগেজ রেললাইন স্থাপন প্রকল্প, ইস্টার্ন রিফাইনারি ইউনিট (২) ও সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প এবং যৌথ উদ্যোগে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাহারা খাতুন, কামরুল ইসলাম ও দীপু মনি।