রিমান্ডে পাকিস্তানি জঙ্গি রেজোয়ানসহ পাঁচজন
পাকিস্তানি জঙ্গি রেজোয়ানসহ গ্রেপ্তার হওয়া পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার রেজোয়ান আহমেদকে সাত দিনের এবং বাকিদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।র্যাব শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত রাজধানীর মিরপুর রোড ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে রেজোয়ান আহমেদ (২৬), নান্নু মিয়া ওরফে বেলাল মণ্ডল ওরফে বিল্লাল (৩৫), ইমাদ উদ্দিন ওরফে মুন্না (১৮), সাদেক হোসেন ওরফে খোকা (১৯) ও আবু নাসের মুন্সিকে (২৮) গ্রেপ্তার করে।র্যাব জানায়, রেজোয়ান পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদের আঞ্চলিক সমন্বয়ক এবং এ দেশে সাড়ে তিন বছর ধরে অবস্থান করে সদস্য সংগ্রহের কাজ করছিলেন।র্যাব বাদী হয়ে পাকিস্তানি নাগরিক রেজোয়ানের বিরুদ্ধে রাজধানীর নিউমার্কেট থানায় পাসপোর্ট আইনে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানের অভিযোগে মামলা করে। তাঁকে এই মামলায় এবং বাকি চারজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত রেজোয়ানের সাত দিন এবং বাকিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহারে বলা হয়, পাকিস্তানি জঙ্গি রেজোয়ান অন্যদের সহযোগিতায় দেশবিরোধী কোনো জঙ্গি তত্পরতায় যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া নান্নু মিয়া ওরফে বেলাল সম্পর্কে র্যাব জানিয়েছে, তিনি ১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি বিমান ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং প্রায় ১০ বছর ভারতের কারাগারে ছিলেন।