চট্টগ্রামে নওগাঁর অতিরিক্ত জেলা জজ কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদকে (৪৭) হত্যার অভিযোগে দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামি পুলিশি রিমান্ডে মুখ খুলছেন না। তাঁদের পাঁচ দিনের রিমান্ড শেষ হয়েছে গতকাল সোমবার।
আজ মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করে ফের রিমান্ডের আবেদন করবে পুলিশ। এদিকে বিচারকের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
বিচারকের স্ত্রী দাবিদার সানজিদা আক্তার, তাঁর মা লাকী আক্তার, ভাই ইমরান, বাসার গৃহপরিচারিকা রিমা আক্তারকে গত বৃহস্পতিবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু পুলিশের কাছে বিচারক তর্কাতর্কির একপর্যায়ে রুমে ঢুকে আত্মহত্যা করেন বলে দাবি করেন আসামিরা।
নগরের হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, রিমান্ডে চার আসামি একই তথ্য দিচ্ছেন। তাঁরা দাবি করছেন, বিচারক আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এটি পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। আসামিদের জিজ্ঞাসাবাদ করতে ফের সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে আদালতে।
নগরের হালিশহর মোল্লাপাড়া এলাকার একটি বাসায় বিচারক কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ আত্মহত্যা করেছেন দাবি করে দুই নারী তাঁকে গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক বিচারককে মৃত ঘোষণা করেন। পরে পুলিশের সন্দেহ হলে সানজিদা আক্তার ও লাকী আক্তার নামের দুই নারীকে আটক করে হাসপাতাল থেকে। পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হালিশহর থানার এসআই মুকুল মিয়া বাদী হয়ে গ্রেপ্তার চারজনসহ সানজিদার বাবা নাছির উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার চার আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।