রিমান্ডে শাহাদাত ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমাদ্রী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া শাহাদাত হোসেনের রিমান্ড চলছে। পুলিশ বলেছে, তিনি এই হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। মৃত্যুর আগে হিমাদ্রীর বলে যাওয়া ঘটনার বর্ণনার সঙ্গে শাহাদাত হোসেনের বক্তব্যের মিল রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্র জানিয়েছে, সাত দিনের রিমান্ডে থাকা শাহাদাত হিমাদ্রীর ওপর নির্যাতনের বর্ণনা দিয়েছেন। রিমান্ডে তিনি জানান, নির্যাতন চলাকালে হিমাদ্রী বারবার প্রাণভিক্ষা চেয়ে ‘ভাইয়া, আমাকে আর মেরো না’ বলে আকুতি জানালেও নির্যাতন থামেনি। এজাহারভুক্ত ৩ নম্বর আসামি শাহাদাত হোসেনকে গত শুক্রবার গভীর রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘শাহাদাত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। তবে তদন্ত ও আরও জিজ্ঞাসাবাদের স্বার্থে এখন কিছু বলা যাবে না।’ মামলা তদন্ত তদারকির দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম নগর পুলিশের একজন কর্মকর্তা বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে প্রথমে কিছু বলতে না চাইলেও একপর্যায়ে শাহাদাত মুখ খোলেন। নিজেকে আড়াল করেই শাহাদাত পুরো ঘটনার বর্ণনা দিচ্ছেন বলে তিনি জানান। অপর আসামি জুনায়েদের নির্দেশে হিমাদ্রীকে নির্যাতন চালানো হয় বলে শাহাদাত পুলিশকে জানান। তিনি বলেন, পিটিয়ে জখম করার পর তাঁর ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। জানা যায়, শাহাদাত ঘটনার ব্যাপারে যে বর্ণনা দিচ্ছেন, তা মৃত্যুর আগে দেওয়া হিমাদ্রীর বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে। হিমাদ্রীর দেওয়া ওই বক্তব্যের রেকর্ড তাঁর বন্ধুরা পুলিশকে দিয়েছেন। গুরুত্বপূর্ণ আলামত হিসেবে তা জব্দ করে পুলিশ। গত ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী মজুমদারকে ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। পরে গত ২৩ মে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হিমাদ্রী মারা যান।