রিমান্ডে স্টামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ কে এম এনামুল হক শামীমকে হত্যাচেষ্টা মামলায় বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হান্নান ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তারের পর ছয় দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হান্নান ফিরোজ ওই ইউনিভার্সিটির সাবেক উপাচার্য। ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক ওই ইউনিভার্সিটির অন্যতম পরিচালক। এনামুল হককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় এ নিয়ে আটজনকে গ্রেপ্তার করা হলো। মামলাটির তদন্ত করছে ডিবি।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে স্টামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান হান্নান ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, গতকাল ভোররাতে গ্রেপ্তারের পর হান্নান ফিরোজকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে তাঁকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। রিমান্ডের আবেদনে বলা হয়, এ মামলায় গ্রেপ্তার আসামি রানা হাওলাদার গত মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হান্নান ফিরোজের জড়িত থাকার কথা বলেছেন। এ কারণে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রফিক-উল হক ও মোশাররফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন শাহ আলম তালুকদার ও তাপস কুমার পাল।
গত ১৯ জুন সকালে ধানমন্ডির বাসা থেকে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যাওয়ার পথে ধানমন্ডির ইবনে সিনা ডায়াগনস্টিকের সামনে এনামুল হককে গুলি করে পালিয়ে যায় হেলমেটবিহীন তিন মোটরসাইকেল আরোহী। দুটি গুলি এনামুল হকের বাঁ হাতে লাগে।
ডিবি সূত্র জানায়, বর্তমানে ডিবির রিমান্ডে থাকা নিজামুল হক ওরফে মিঠু হামলার পরিকল্পনাকারী। তিনি হামলাকারীদের ভাড়া করেছিলেন। মঙ্গলবার রানা হাওলাদার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, গুলি করার পর (১৯ জুন) তিনি বাসায় ফিরে টিভিতে দেখেন, তাঁরা যাঁকে গুলি করেছেন তিনি ছাত্রলীগের বড় নেতা শামীম। এরপর তিনি নিজামুল হককে ফোন করে বলেন, ‘মামা এটা কী করলেন। সে তো বড় নেতা।’ তখন নিজামুল তাঁকে চিন্তা না করতে বলে বলেন, ‘স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বিষয়টি দেখবেন। এত দিন তিনি টাকা দিয়েছেন। বাকি টাকাও তিনি দেবেন। ফিরোজ সাহেব থাকতে তোদের কোনো টেনশন নেই। ফিরোজ সাহেব তোদের দেখবেন।’ রানা আরও বলেন, নিজামুল তাঁর দূর সম্পর্কের মামা। তিনিই তাকে, মেহেদী হাসান ও হারুনকে ভাড়া করেন শামীমকে (এনামুল হক) গুলি করার জন্য। কিন্তু গুলিতে তিনি যাতে মারা না যান। নিজামুল পরে শামীমকে চিনিয়ে দেন। জবানবন্দি শেষে রানাকে কারাগারে পাঠান আদালত।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আটজনের মধ্যে দুজন কারাগারে আছেন। বাকি ছয়জন রিমান্ডে আছেন। ফিরোজ হান্নান প্রথমে এনামুল হককে ইউনিভার্সিটির বেতনভুক্ত পরিচালক হিসেবে নিয়োগ দেন। পরে এনামুলের প্রভাবে তাঁর স্ত্রী ও বোনকে পরিচালক হিসেবে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। সম্প্রতি এনামুল ও তাঁর স্ত্রী পরিচালকের পদ থেকে পদত্যাগ করে তাঁর মা-বাবাকে পরিচালক নিয়োগ দেওয়ালে চেয়ারম্যানের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। ডিবির কাছে হান্নান ফিরোজ দাবি করেন, এনামুল এখনো পরিচালক আছেন।
ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায় বলেন, এনামুলের ওপর গুলি চালাতে নিজামুল হককে কে নিয়োগ করেছিল, তা জানতে আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।
জানতে চাইলে এনামুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের কারও সঙ্গে তাঁর কোনো ঝামেলা নেই। কী কারণে তাঁর ওপর হামলা হয়েছে, চেয়ারম্যান ভালো বলতে পারবেন। তাঁকে যাঁরা হত্যা করতে চেয়েছিলেন, তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।