রাজশাহীতে পুলিশের ওপর হামলা
রিমান্ডের আগে ও পরে আসামিদের স্বাস্থ্য পরীক্ষার সনদ জমার নির্দেশ
রাজশাহীতে জামায়াত-শিবিরের হামলায় পুলিশের হাতের কবজি উড়ে যাওয়া ও পুলিশের মাথা থেঁতলে দিয়ে অস্ত্র কেড়ে নেওয়ার ঘটনায় দায়ের করা দুটি মামলায় গত মঙ্গলবার ২৩ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে রিমান্ডে নেওয়ার আগে ও পরে আসামিদের স্বাস্থ্য পরীক্ষার সনদ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, আদালত সাধারণত এমন আদেশ দেন না। তবে এ ব্যাপারে হাইকোর্টের একটি নির্দেশনা আছে। তিনি জানান, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল সিভিল সার্জনের কার্যালয়ের দুজন চিকিৎসক দিয়ে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা করে রিমান্ডের আগের প্রতিবেদন তৈরি করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুটি মামলার আসামিদের রাজশাহী মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেনের ওপর হামলার মামলার সাতজন এবং এসআই জাহাঙ্গীর আলমের ওপর হামলার মামলায় ১৬ জন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিভিন্ন পরীক্ষা থাকার কারণে আদালত অন্য আসামিদের রিমান্ড মঞ্জুর করেননি।সূত্র জানায়, শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ডের আগে ও পরে স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দেওয়ার শর্তে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের সময় উল্লেখ করে আদালত বলেন, ১৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ১৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় একটি রিমান্ড শেষ হবে। এরপর অন্য মামলার রিমান্ড শুরু হবে। আদালত ১৬ আসামিকেই উভয় মামলায় দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। গত ৩১ মার্চ নগরের রানীনগর এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে বোমায় মকবুল হোসেনের হাতের কবজি উড়ে যায়। পরের দিন নগরের শালবাগান এলাকায় সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের কর্মীরা জাহাঙ্গীর আলমের মাথা থেঁতলে দিয়ে তাঁর অস্ত্র নিয়ে যায়।