রিমান্ডের আসামিকে চিকিত্সক দেওয়ার নিয়ম নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী। আর জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় কেউ অসুস্থ হলে তাঁকে চিকিত্সা দেওয়া হবে। তিনি বিষয়টিকে গণমাধ্যমে ভুলভাবে প্রচার বা অন্য দৃষ্টিতে না দেখার আহ্বান জানান।
আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী সাংবাদিকদের বলেন, সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া র্যাব-১১ ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদ ও সাবেক মেজর আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ সুপারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুজন চিকিত্সক দেওয়া হয়েছে।
রিমান্ডে থাকায় অবস্থায় আদালতের নির্দেশ ছাড়া আসামিকে সার্বক্ষণিক চিকিত্সক দেওয়া বেআইনি—আইনজীবী নেতাদের এমন দাবির জবাবে জেলা সিভিল সার্জন বলেন, ‘রিমান্ডের আসামিদের চিকিত্সক দেওয়ার বিধান নেই। বিষয়টি গতকাল রোববার পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। বিষয়টি লিখিতভাবে পুলিশ প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে।’
বেলা তিনটার দিকে জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন সংবাদ বিফ্রিংয়ে সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জে সাত খুনের মামলাটি খুবই গুরুত্বপূর্ণ ও বড় মামলা। আমরা মামলাটি নির্ভুল, আন্তরিক ও পেশাদারি নিয়ে তদন্ত করছি।’
আসামিদের স্বাস্থ্য পরীক্ষায় চিকিত্সক দেওয়া প্রসঙ্গে জেলা পুলিশ সুপার বলেন, ‘আদালত আমাদের যেভাবে আসামি দেয়, জিজ্ঞাসাবাদ শেষে সেভাবে আসামিদের আদালতে হাজির করতে হয়। তাই রিমান্ডে থাকা আসামি র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে চিকিত্সক দিয়ে নিয়মিত চিকিত্সা দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা যখন জিজ্ঞাসাবাদ করব, তখন আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। তখন কেউ অসুস্থ হলে তাঁকে চিকিত্সা দেওয়া হবে।’ তিনি বিষয়টিকে অন্য দৃষ্টিতে না দেখার অনুরোধ জানান।