রিমান্ডের আসামির মৃত্যুতে আদালতে মামলা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় রিমান্ডে থাকা অবস্থায় মাহফুজ রহমান ওরফে মাসুদ রানা (২৭) নামের এক আসামির মৃত্যুর ঘটনায় গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে (আমলি আদালত গ-অঞ্চল) মামলা হয়েছে। আদালতে মামলাটি করেন আসামির বড় ভাই শাহিনুর আলম।
বাদীর আইনজীবী আকরামুল ইসলাম জানান, আদালতের বিচারক শরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারকে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। এ ছাড়া বিষয়টি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও উপমহাপরিদর্শককেও (ডিআইজি) অবহিত করার নির্দেশ দেন তিনি।
মামলায় নাচোল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, এসআই আহসান হাবিব ও মো. জোহরুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামসুল, কনস্টেবল মো. চানজারুল, নাচোল থানার আরও কয়েকজন পুলিশ সদস্যসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, মাহফুজ রহমান নাচোল পৌর এলাকার জননী ক্লিনিকে কাজ করতেন। গত ১৭ জুলাই রাত আটটার দিকে সেখানে নাচোলের বাইপুর দরগাপাড়া গ্রামের নাসির উদ্দিনের মেয়ে নাহিদা খাতুন (১৩) নামের এক রোগী ভর্তি হয়। রাত ১০টার দিকে নাহিদার অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ জুলাই তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
এরপর নাহিদার বাবা নাসির উদ্দিন ২০ জুলাই মাহফুজ রহমানকে ভুয়া চিকিৎসক উল্লেখ করে নাচোল থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় মাহফুজ রহমানকে ওই দিনই গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল বারিক গত ২৫ জুলাই মাহফুজ রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য নাচোলের আমলি আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ২৬ ও ২৭ জুলাই দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরজিতে বলা হয়, রিমান্ডে থাকা অবস্থায় ২৬ জুলাই থানাহাজতে পুলিশের নির্যাতনে মাহফুজ রহমানের মৃত্যু হয়। কিন্তু পুলিশ মাহফুজ রহমানের গলায় জিনস প্যান্টের ফাঁস দিয়ে আত্মহত্যার নাটক সাজায়।
গত ২৬ জুলাই বিকেলে নাচোল থানার শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় মাহফুজ রহমানের লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এটি আত্মহত্যা।
এ নিয়ে ২৭ জুলাই ‘রিমান্ডের আসামির লাশ উদ্ধার। হত্যার অভিযোগ পরিবারের’ এবং ২৮ জুলাই ‘হত্যার ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যার কথা প্রচার’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়।