রিয়াজুল হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেল র্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজুল হক খান মিল্কি
রিয়াজুল হক খান মিল্কি

যুবলীগের নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গতকাল বুধবার এই মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার জন্য তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে র‌্যাবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান,  নিরপেক্ষতা ও আন্তরিকতার সঙ্গে এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। পুলিশের হাতে আটক সন্দেহভাজন ছয়জনকে র‌্যাব জিজ্ঞাসাবাদ করবে বলেও জানান তিনি।

গত সোমবার দিবাগত রাত একটার দিকে গুলশান-১ নম্বরের শপার্স ওয়ার্ল্ড বিপণিবিতানের সামনে বন্দুকধারীদের গুলিতে নিহত হন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি। এই হত্যাকাণ্ডের চার ঘণ্টার মধ্যে প্রধান সন্দেহভাজন জাহিদ সিদ্দিকী তারেকসহ সাতজনকে আটক করে র‌্যাব-১-এর একটি দল। এর মধ্যে জাহিদ গুলিবিদ্ধ অবস্থায় উত্তরার একটি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।

গতকাল রাতে জাহিদ সিদ্দিকী তারেককে গুলশান থানায় নেওয়ার সময় রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাবের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন জাহিদ ও শাহ আলম নামের দুজন।

গ্রেপ্তার হওয়া অন্য ছয়জনকে গতকাল নিম্ন আদালতের আদেশ পেয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

মিল্কি হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার রাতে গুলশান থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন তাঁর ভাই মেজর রাশেদুল হক খান। তবে গতকাল বুধবার রাশেদুল হক খান প্রথম আলো ডটকমকে জানান, মামলা করার পর পুলিশ এ ব্যাপারে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

এদিকে মিল্কি হত্যার ঘটনায় ১১ জনের জড়িত থাকার তথ্য পেলেও একজনকে শনাক্ত করেছে পুলিশ ও র‌্যাব। হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ থাকলেও ঘটনার তিন দিনেও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।