রিয়াজুল হত্যায় ফাহিমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান ওরফে মিল্কিকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফাহিমা ইসলাম। আজ রোববার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর খাসকামরায় এ জবানবন্দি লিপিবদ্ধ করেন। এরপর আদালত ফাহিমাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিয়াজুলের সহযোগী মারুফ রেজা সাগরের স্ত্রী ফাহিমা ইসলাম।
আজ দুপুর ১২টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফাহিমা ইসলামকে আদালতে হাজির করে জবানবন্দি নেওয়ার আবেদন করে। আদালত এ সময় আসামিকে চিন্তা করার সময় দেন, তিনি জবানবন্দি দেবেন কি না সিদ্ধান্ত নিতে। পরে ফাহিমা আদালতে জবানবন্দি দেবেন বলে জানালে আদালত তা গ্রহণ করেন। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন বলে জানা গেছে।
গতকাল ধানমন্ডির বাসা থেকে ফাহিমাকে গ্রেপ্তার করা হয়। র্যাব ফাহিমার বিরুদ্ধে রিয়াজুলকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ এনেছে এবং তাঁর কাছ থেকে রিয়াজুলকে হত্যার কারণ, পরিকল্পনাসহ বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে।
গত সোমবার দিবাগত রাতে গুলশান-১ নম্বরে শপার্স ওয়ার্ল্ড নামের বিপণিবিতানের সামনে রিয়াজুলকে গুলি করে হত্যা করা হয়।