রিয়াজুলের কথিত সহযোগীর স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খানকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁর কথিত সহযোগী ব্যবসায়ী মারুফ রেজা ওরফে সাগরের স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে এই বাহিনীর।

র‌্যাব-১-এর সদস্যরা আজ শনিবার ভোররাতে সাগরের স্ত্রীকে তাঁর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেন।

গত সোমবার গভীর রাতে গুলশান ১ নম্বরে ‘শপার্স ওয়ার্ল্ড’ নামের একটি বিপণিবিতানে ঢোকার আগমুহূর্তে উপর্যুপরি গুলি করে রিয়াজুলকে হত্যা করা হয়।

র‌্যাব কর্মকর্তারা দাবি করেছেন, রিয়াজুলকে হত্যার জন্য ছয় মাস আগে পরিকল্পনা করা হয়েছিল। রাজধানীর ইস্কাটনে এ হত্যার পরিকল্পনা করা হয়। রিয়াজুল হত্যায় গ্রেপ্তার ও ‘ক্রসফায়ারে’ নিহত যুবলীগ দক্ষিণের যুগ্ম সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেক ছাড়াও মতিঝিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বাড্ডা অঞ্চলের শাখাওয়াত হোসেনসহ বেশ কয়েকজন ছিলেন। এর আগেও তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।