রিলায়েন্স-আদানির বিদ্যুৎকেন্দ্র বিশেষ আইনের আওতায়!
ভারতের বেসরকারি খাতের দুটি বৃহৎ প্রতিষ্ঠান রিলায়েন্স ও আদানি গ্রুপ বাংলাদেশে বিশেষ আইনের আওতায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সুযোগ পাচ্ছে। গতকাল শনিবার রিলায়েন্স ও আদানি গ্রুপের সঙ্গে সরকার (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড—বিপিডিবি) আলাদা দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এতে সাড়ে ৫০০ কোটি ডলার (প্রায় ৪৫ হাজার কোটি টাকা) বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। তবে এতে দেশীয় উদ্যোক্তারা হতাশা ব্যক্ত করেছেন।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, এই দুটি কোম্পানির সঙ্গে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য এমওইউ স্বাক্ষর ভারতের প্রধানমন্ত্রীর সফরের অংশ নয়। তারপরও কোম্পানি দুটি চেষ্টা করে এই দিনে এমওইউ স্বাক্ষর নিশ্চিত করেছে। কারণ, তাতে প্রকল্পের গুরুত্ব অনেক বাড়বে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস। একে ভারতের প্রধানমন্ত্রীর সফরের অংশ হিসেবে দেখাতে বিদ্যুৎ মন্ত্রণালয়েরও উৎসাহ ছিল।
সই হওয়া এমওইউ অনুযায়ী, রিলায়েন্স গ্রুপ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি ভাসমান মজুতাগার ও পুনরায় গ্যাসে রূপান্তর ইউনিট (এফএসআরইউ) স্থাপন এবং ওই গ্যাসভিত্তিক তিন হাজার মেগাওয়াট (প্রতিটি ৭৫০ মেগাওয়াটের চারটি ইউনিট) বিদ্যুৎ উৎপাদন করবে। এ জন্য তারা মোট ৩০০ কোটি মার্কিন ডলার (প্রায় ২৪ হাজার কোটি টাকা) বিনিয়োগ করবে।
আর আদানি গ্রুপ কয়লাভিত্তিক দুটি ইউনিটে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এই কোম্পানিটি প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।
তবে দুই কোম্পানিরই প্রস্তাবিত কেন্দ্রগুলো কিংবা এফএসআরইউ কোথায় হবে, তা ঠিক হয়নি। বিদ্যুতের দাম কেমন হবে, তারও কোনো ধারণা দেওয়া হয়নি। অবশ্য প্রকল্পগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ প্রায় অর্ধেকে নেমে যাওয়ায় ২০১০ সালে সরকার তিন বছরের জন্য ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ (বিশেষ বিধান)’ আইন করেছিল। পরে আইনটি সংশোধন করে মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। এই আইনের আওতায় প্রচলিত দরপত্র প্রক্রিয়া ছাড়াই যেকোনো কোম্পানিকে আলোচনার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ দিতে পারে সরকার। এ নিয়ে কখনো কোনো আদালতেরও শরণাপন্ন হওয়া যাবে না। এর আগে কোনো বিদেশি কোম্পানিকে ওই আইনে সুরক্ষার সুযোগ দেওয়া হয়নি।
এই চুক্তি নিয়ে বিদ্যুৎ খাতের দেশীয় উদ্যোক্তারা হতাশা প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দেশীয় উদ্যোক্তা প্রথম আলোকে বলেন, ২০০৮ সাল থেকে তাঁরা ঝুঁকি নিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কাজে অংশ নিচ্ছেন। দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতির সেই সব দিনে কোনো বিদেশি কোম্পানি আসেনি। বর্তমান সরকারের আমলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও ভারতে ‘রোড শো’ করেও সরকার কোনো কোম্পানিকে এ দেশে বিনিয়োগে আগ্রহী করতে পারেনি। দেশীয় উদ্যোক্তারাই তখন সরকারের সহযোগিতায় পরিস্থিতি সামাল দিয়েছেন। তিনি বলেন, বিদেশি বেসরকারি খাতের সঙ্গে দেশীয় কোম্পানিরও অংশগ্রহণের সুযোগ রাখা উচিত ছিল।
আরেকজন উদ্যোক্তা বলেন, রিলায়েন্স ও আদানি যে বিদ্যুৎকেন্দ্র করার প্রস্তাব দিয়েছে, তেমন বড় বড় কেন্দ্র বিশেষ আইনের আওতায় করার মতো জরুরি বিদ্যুৎ পরিস্থিতি দেশে এখন নেই। তাই ওই কেন্দ্রগুলো আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে করার পদক্ষেপ নেওয়া যেত। তাহলে এককভাবে বা কোনো বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে দেশীয় কোম্পানিগুলো এই কাজে অংশ নিতে পারত।
একাধিক ব্যবসায়ী সূত্র জানান, রিলায়েন্স, আদানি, জিএমআর এবং ল্যাংকো—এই চারটি কোম্পানির প্রতিটির কয়েক হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র মূলত জ্বালানিস্বল্পতার কারণে ভারতে অব্যবহৃত পড়ে আছে। ওই সব কেন্দ্রের যন্ত্রপাতি বাংলাদেশে স্থানান্তর (রিলোকেট) হয় কি না, সেটাও দেখার বিষয় হবে।
জানতে চাইলে দেশে বিদ্যুৎ খাতের শীর্ষ বেসরকারি প্রতিষ্ঠান সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেন, অবশ্যই দেশি উদ্যোক্তাদের অগ্রাধিকার পাওয়া উচিত ছিল। তারপরও এমওইউ যখন হয়েছে তখন দাবি করব, বাংলাদেশি উদ্যোক্তারাও যেন ভারতে, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে একইভাবে (আনসলিসিটেড প্রস্তাবের ভিত্তিতে) বিদ্যুৎকেন্দ্র করার সুযোগ পান। সরকার সেই পদক্ষেপ নিক।