‘কয়েক দিনের পূর্ণিমার জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি ভেঙে গেছে। এখন স্ত্রীসহ পাঁচ ছেলেমেয়ে নিয়ে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছি। নতুন করে ঘরবাড়ি তৈরির টাকাও হাতে নাই। আমরা আপনার কাছে রিলিফ (ত্রাণ) চাই না, আমরা চাই স্থায়ী বেড়িবাঁধ। যে বেড়িবাঁধ জোয়ারের ধাক্কায় বিলীন হবে না।’
গতকাল রোববার বেলা ১১টায় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলী ঘাট এলাকার ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে গেলে স্থানীয় জেলে সৈয়দ উল্লাহ এ কথা বলেন।
এরপর মন্ত্রী ইউনিয়নের কাইছারপাড়া, নয়াকাটা, চরধুরুং গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শন করে ধুরুং আদর্শ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী কুতুবদিয়ার চারপাশে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে লাখো মানুষের জানমাল ও সম্পদ রক্ষার আশ্বাস দেন। তিনি গৃহহীন ও পানিবন্দী লোকজনের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী সড়কের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এই সড়কের উন্নয়নের তাগিদ দেন।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতীক), কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও জাপা নেতা মৌলভি মো. ইলিয়াছ, পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাফর আলম, কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী, ইউএনও মো. মমিনুর রশিদ, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হোসেন প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী দ্বীপের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রীকে বলেন, গত চার দিনের পূর্ণিমার জোয়ারে দ্বীপের কাহারপাড়া, তাবলরচর, আনিচেরডেইল, বড়ঘোপ, আজম কলোনি, মিয়ার ঘোনা, মহাজনপাড়া, চরধুরুং, আকবরবলী পাড়াসহ ১৪টি পয়েন্টে প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়েছে। এর আগে জোয়ারের ধাক্কায় আরও ১১ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। বর্তমানে জোয়ারের পানিতে ৭০ হাজারের বেশি মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে। স্থায়ীভাবে এই ভাঙা বাঁধ মেরামতের উদ্যোগ না নিলে ভবিষ্যতে পুরো উপজেলা সাগরগর্ভে হারিয়ে যাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় হেলিকপ্টারযোগে মন্ত্রী ঢাকা থেকে কুতুবদিয়া পৌঁছে ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করেন। দুপুর ১২টায় ধুরুং আদর্শ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর দেড়টায় মন্ত্রী হেলিকপ্টারযোগে কুতুবদিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে টেকনাফের শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধ দেখে কক্সবাজার ফিরে আসেন। জোয়ারের ধাক্কায় বেড়িবাঁধ বিলীন হয়ে শাহপরীর দ্বীপের ৪০ হাজার মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে।
স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও মন্ত্রীর কুতুবদিয়া সফর এবং দ্বীপের চতুর্দিকে স্থায়ী বেড়িবাঁধ তৈরি করে দেওয়ার আশ্বাসে লাখো মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।