রিসা হত্যা : ওবায়দুল ৬ দিনের রিমান্ডে

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা (১৪) হত্যা মামলায় গ্রেপ্তার আসামি ওবায়দুল খানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আলী হোসেন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, রিসা হত্যাকাণ্ডে আসামি ওবায়দুল খান জড়িত। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করতে এবং এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানতে এ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি ওবায়দুল খানকে বুধবার নীলফামারীর ডোমার উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। ওবায়দুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরাটঙ্গী গ্রামের আবদুস সামাদের ছেলে।
গত ২৪ আগস্ট উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের পদচারী-সেতু পার হওয়ার সময় এক বখাটে অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসাকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট রিসা মারা যায়। এ ঘটনায় ২৫ আগস্ট রিসার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় ওবায়দুলকে একমাত্র আসামি করে মামলা করেন।
মাস ছয়েক আগে স্কুলের পোশাক বানাতে রিসা মায়ের সঙ্গে গিয়েছিল দরজির কাছে। সেই দরজি ফোন নম্বর পেয়ে উত্ত্যক্ত করতেন তাকে এবং পিছু নেন তার। মৃত্যুর আগে রিসা বলে গেছে, ওই দরজি ওবায়দুলই ছুরি মেরেছেন তাকে। পুলিশকেও সে একই জবানবন্দি দিয়েছে।
পুলিশ জানায়, রিসা গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে জবানবন্দিতে বলেছে, বখাটে ওবায়দুল তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছেন। হামলার আগের দিনও তিনি তার পিছু নিয়েছিলেন।