রিসা হত্যার বিচার হবে অপেক্ষায় মা-বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মামলার তদন্ত ভালোই এগিয়ে যাচ্ছে। আশা করছি, চার্জশিট দিলে দ্রুতই বিচার হবে। কিন্তু আমার মেয়েকে তো আর ফিরে পাব না!’
এভাবেই বুকচাপা কষ্টের কথা জানান রিসার বাবা রমজান হোসেন। গত ২৪ আগস্ট ওবায়দুল নামের এক যুবকের ছুরিকাঘাতে প্রাণ হারায় সুরাইয়া আক্তার ওরফে রিসা (১৪)। ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে।
রিসার বাবার দৃঢ়বিশ্বাস, তাঁর নিষ্পাপ মেয়ের হত্যাকারী ইস্টার্ন মল্লিকার দরজি দোকানের কর্মচারী ওবায়দুলের সর্বোচ্চ শাস্তি হবে। গত বৃহস্পতিবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘গতকাল রিসার মৃত্যুর ৪০ দিন পূর্ণ হয়েছে। কিন্তু মনে হয়, কত দিন ধরে আমার ফুটফুটে মেয়েটি কাছে নেই। ওকে ছাড়া বাকি জীবন কাটাতে হবে—এই কষ্ট কীভাবে বুকে ধরে রাখব!’
রিসা হত্যা মামলার তদন্তে সন্তোষ প্রকাশ করে রমজান হোসেন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন আশ্বাস দিয়েছেন দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে। তাঁর এই আশ্বাসে আস্থা আছে।
২৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে রিসা রাস্তার ওপারে যাওয়ার জন্য পদচারী-সেতুতে ওঠে। পদচারী-সেতুর মাঝামাঝি পৌঁছালে ওবায়দুল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছাত্রীটির চিৎকারে স্কুলের শিক্ষার্থীরা ও কয়েকজন অভিভাবক ছুটে আসেন। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার চার দিন পর ২৮ আগস্ট রিসা মারা যায়।
ঘটনার দিন হাসপাতালে রিসার মা তানিয়া হোসেন জানিয়েছিলেন, তিনি ও তাঁর মেয়ে ইস্টার্ন মল্লিকা মার্কেটের একটি দরজির দোকান থেকে সালোয়ার-কামিজ বানাতেন। যোগাযোগের জন্য তাঁর মুঠোফোন নম্বর রেখেছিলেন ওই দোকানের কর্মচারীরা। ওই নম্বরে ফোন করে দোকানের কর্মচারী ওবায়দুল তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি জানতে পেরে তিনি মুঠোফোন নম্বরটি বন্ধ করে দেন। এরপর থেকে তাঁর মেয়েকে ওবায়দুল স্কুলের সামনে উত্ত্যক্ত করছিলেন বলে তিনি শুনেছেন। তাঁর সন্দেহ, ওবায়দুলই তাঁর মেয়েকে হত্যার জন্য ছুরিকাঘাত করেছেন। পরে রিসার মা ওবায়দুলকে আসামি করে মামলা করেন। রিসার মৃত্যুর খবর স্কুলে ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ওবায়দুলের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। ৩১ আগস্ট নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় এলাকায় ডিএমপি ও নীলফামারী পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) যৌথ অভিযান চালিয়ে ওবায়দুলকে গ্রেপ্তার করে। ঢাকায় আনার পর আদালতে রিসা হত্যায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওবায়দুল।
চার্জশিট দ্রুততম সময়ে দেওয়া হবে জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা আলী হোসেন বলেন, ‘অতি দ্রুত কার্যক্রম শেষ হবে। স্বল্প সময়ের মধ্যে এটি দিতে পারব ইনশা আল্লাহ।’ তিনি বলেন, ওবায়দুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তা ছাড়া, ঘটনার চুলচেরা তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণও রয়েছে।’