রিসোর্টে নিরাপত্তা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শাহবাগে সাবানুর আলম ওরফে শান্তর স্বজনেরা ও প্রথম আলো বন্ধুসভা মানববন্ধন করে l ছবি: প্রথম আলো
গতকাল শাহবাগে সাবানুর আলম ওরফে শান্তর স্বজনেরা ও প্রথম আলো বন্ধুসভা মানববন্ধন করে l ছবি: প্রথম আলো

দেশের সব রিসোর্ট ও আনন্দভ্রমণের স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নীতিমালা তৈরির দাবি জানিয়েছেন প্রথম আলো ডিজিটালের প্রয়াত কর্মী সাবানুর আলম ওরফে শান্তর পরিবার, স্বজন, বন্ধু, সহকর্মী ও প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
গতকাল রোববার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে সাবানুরের স্বজন ও বন্ধুসভা। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবানুরের বাবা মো. ইকবাল আলম, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, বার্তা সম্পাদক সেলিম খান, বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান প্রমুখ।
৪ জুন গাজীপুরের কালিয়াকৈরে রাঙামাটি ওয়াটার ফ্রন্ট নামের একটি রিসোর্টের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যান সাবানুর আলম। মানববন্ধনে সাবানুরের বাবা মো. ইকবাল আলম অভিযোগ করেন, সুইমিংপুলের পানি দীর্ঘদিন পরিবর্তন না করায় সেটির পাড়সহ তলদেশ শেওলা জমে পিচ্ছিল ছিল। এ ছাড়া সুইমিংপুল এলাকা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন এবং রিসোর্টের সব ফ্লাডলাইট অকেজো অবস্থায় ছিল। সুইমিংপুলের নিয়মানুযায়ী গভীরতা কত তারও কোনো নির্দেশনা ছিল না। রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি।
রিসোর্ট ও আনন্দভ্রমণের স্থানগুলোর কার্যক্রমে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর তাগিদ দেন সৈয়দ আবুল মকসুদ। সাবানুরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সস্তায় জমি কিনে বা সরকারি জমি লিজ নিয়ে অনেকে রিসোর্টের ব্যবসা করছেন। এসবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই। অনেক রিসোর্টে অসামাজিক কার্যকলাপ, অপমৃত্যুর ঘটনা ও খুনখারাবি হয়। রিসোর্টে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।
সোহরাব হাসান বলেন, ‘সাবানুর যেভাবে মারা গেছেন তা অত্যন্ত বেদনাদায়ক। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই এমন একজন তরুণ অকালে প্রাণ হারালেন।’ এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করে এর বিচারের দাবি জানান তিনি। সাবানুরের চাচি সাদিয়া চৌধুরী বলেন, ‘রাঙামাটি ওয়াটার ফ্রন্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই শান্ত মারা গেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ পাশাপাশি জনগণকে এ ধরনের রিসোর্টে বেড়াতে যাওয়ার সময় সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।
মানববন্ধনে রিসোর্ট ও আনন্দভ্রমণের স্থানে যথাযথ নিরাপত্তা-নির্দেশনা থাকা, এসব স্থানের ওয়েবসাইটে ভ্রমণকারীর জন্য সচেতনতামূলক নির্দেশনা দেওয়া, সব ধরনের সুইমিংপুলে সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা, স্কুল পর্যায়ে সাঁতার শেখার ব্যবস্থা করা, আনন্দভ্রমণে যাওয়ার আগে সবাইকে সচেতন করা এবং আনন্দভ্রমণে যাওয়ার মতো সব স্থানেই ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা বাধ্যতামূলক করাসহ নানা দাবি তুলে ধরা হয়।