অনুমোদনহীন আবাসন প্রকল্প যেন রিহ্যাব মেলায় অংশ না নিতে পারে, সে জন্য ত্বরিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছে তিন পরিবেশবাদী সংগঠন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে জমি ও ফ্ল্যাটের পাঁচ দিনব্যাপী এ মেলা শুরু হচ্ছে। অনুমোদনহীন আবাসন প্রকল্পের ব্যাপারে নেওয়া পদক্ষেপ আজ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে জানাতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ওই নোটিশ পাঠায়। চার সচিবসহ সাতজনের বরাবর ডাকযোগে ওই নোটিশ পাঠানো হয়। গত ১৫ জুন অনুষ্ঠিত আবাসন মেলায় অননুমোদিত আবাসন প্রকল্প অংশগ্রহণ ও বিজ্ঞাপন প্রচার যেন করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা চেয়ে একইভাবে বেলা, পবা ও বাপা হাইকোর্টে রিট আবেদন করেছিল। গত ৭ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে অনুমোদন ছাড়া আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও বেআইনি কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। গতকাল বেলার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের মেলায় যেসব প্রকল্প অংশগ্রহণ করবে বলে গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তার অনেকগুলোই অনুমোদনহীন। বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশনা বাস্তবায়নের স্বার্থে অনুমোদনহীন আবাসন প্রকল্প যাতে মেলায় অংশ নিতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং মেলায় অংশগ্রহণকারী সব বেসরকারি আবাসন প্রকল্পের তালিকা সরবরাহের অনুরোধ জানানো হয়। গৃহায়ণ ও গণপূর্তসচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও রিহ্যাবের সভাপতি বরাবর গতকাল এ নোটিশ পাঠানো হয়। এ বিষয়ে রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী জানান, তখনো তিনি কোনো আইনি নোটিশ পাননি। তবে অনুমোদনহীন প্রকল্প নিয়ে কেউ যেন মেলায় অংশ নিতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। রিহ্যাব সদস্যরা এবারের মেলায় শুধু অনুমোদিত প্রকল্প নিয়েই অংশ নেবেন। এর পরও যদি কোনো স্টলে অনুমোদনহীন প্রকল্প বিক্রির প্রমাণ পাওয়া যায়, তবে তাৎক্ষণিকভাবে তা বন্ধ ও অভিযুক্ত প্রতিষ্ঠানকে পরবর্তী দুই বছর মেলায় অংশ নিতে দেওয়া হবে না। প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ইতিমধ্যে এ-সংক্রান্ত অঙ্গীকারপত্র নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। মুরাদ ইকবাল জানান, মেলায় রাজউকের একটি স্টল থাকবে। রাজউক কর্মকর্তারাও এ বিষয়ে তদারকি করবেন।