রিহ্যাব মেলায় কালও ভ্রাম্যমাণ আদালত ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিহ্যাব মেলার চতুর্থ দিন গতকাল শনিবারও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত সক্রিয় ছিলেন। সন্ধ্যায় আদালতের অভিযানে আরও একটি আবাসন প্রতিষ্ঠান ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেডের স্টল বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি রাজউকের অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এ মেলার আয়োজন করে। বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজউকের প্রতিনিধিরা পুলিশ নিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশের সঙ্গে সঙ্গে কয়েকটি স্টল থেকে তাদের লোকজনকে সরে যেতে দেখা যায়। আদালত কয়েকটি প্রতিষ্ঠানের প্রচারপত্র ও কাগজপত্র জব্দ করেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল বেস্টওয়ে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, পূর্বাচল গেটওয়ে, আইসিএল রিয়েল এস্টেট লিমিটেড, পূর্বাচল গার্ডেন সিটি ইত্যাদি। রাজউকের পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, যেসব অ্যাপার্টমেন্ট কোম্পানি স্টল দিয়েছে, তাদের স্টলে প্রকল্পের মূল নকশা প্রদর্শন করতে বলা হয়েছে আগে থেকেই। দু-একটি প্রতিষ্ঠান স্টলে নকশা রাখা ও আগ্রহী ক্রেতাদের সামনে প্রদর্শন করলেও বেশির ভাগই তা করছে না। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।ভ্রাম্যমাণ আদালত রাজউকের আওতাধীন এলাকায় অবস্থিত আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেও বাইরের প্রকল্পগুলোর বিরুদ্ধে নিতে পারছেন না। বিষয়টি উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয় কর্তৃপক্ষ ছাড়াও এসব এলাকার কর্তৃপক্ষ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এ বিষয়ে তৎপরতা চালালে অবশ্যই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তবে মেলায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি নেই।মেলার বাড়তি দুই ঘণ্টা: রিহ্যাবের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, আজ রোববার হরতালসহ আরও কিছু কারণে মেলার সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। গতকাল রাত আটটার পরিবর্তে মেলা চলে রাত ১০টা পর্যন্ত। আজও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শকদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। ২ জানুয়ারি শুরু হওয়া মেলা আজ শেষ হচ্ছে।