রিহ্যাবের নির্বাচন নিয়ে জালিয়াতির অভিযোগ!
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের কার্যকরী পরিষদ ২০১৪-১৬ সময়ের নির্বাচন নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে৷ নির্বাচন না করেই পছন্দের লোকজন দিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে একটি পক্ষ৷
খোঁজ নিয়ে জানা যায়, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মে৷ এ জন্য গত মার্চে আক্তারুজ্জামান মঞ্জুকে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন করে তফসিল ঘোষণা করা হয়৷ ২১ থেকে ২৬ মার্চ পর্যন্ত ৮৯ জন মনোনয়নপত্র জমা দেন৷ নির্বাচনী বোর্ড এরই মধ্যে ৮৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে৷ এর মধ্যে ঢাকার ৭৮ ও চট্টগ্রামের পাঁচজন৷
১৪ মে নির্বাচনী বোর্ড ঢাকা অঞ্চলের ২১ ও চট্টগ্রাম অঞ্চলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে৷ আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, এমনটাই জানায় বোর্ড৷ এবার রিহ্যাবের কার্যকরী পর্ষদের কমিটি হবে ২৪ সদস্যের৷ ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকায় আছেন ২৪ জনই৷
অবশ্য মনোনয়ন প্রত্যাহার করেননি, এই মর্মে ভ্যালেনটাইন প্রপার্টিসের ব্যবস্থাপনা পরিচালক সফিক রহমান, ওয়েস্টার্ন ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক মোমিন ইসলাম, প্রাসাদ নির্মাণের চেয়ারপারসন আবু ইউসুফ মো. আবদুল্লাহ, বিল্ডিং ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনের চেয়ারম্যান সৈয়দ নজরুল, অ্যাম্পায়ার এস্টেট বিল্ডিংয়ের চেয়ারম৵ান এ আর হুয়ায়ুন নির্বাচন বোর্ডের চেয়াম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনালে অভিযোগ করেন৷
অভিযোগ করা সবাই নির্বাচনের জন্য বৈধ প্রার্থী ছিলেন৷ এর বাইরে মনোনয়নপত্র অবৈধ বিবেচিত হওয়া নিউটন ওয়ান ক্যাপিটা লিমিটেডের চেয়ারপারসন জেবা আমিন খান ট্রাইব্যুনালে অভিযোগ করেন৷ গতকাল বৃহস্পতিবার বিকেলে ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হয়৷ এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ট্রাইব্যুনালের প্রধান৷ কাল শনিবার এ-সংক্রান্ত রায় হবে৷
অভিযোগকারীরা জানান, পদত্যাগ না করলেও নির্বাচন বোর্ড থেকে বলা হচ্ছে যে তাঁরা পদত্যাগ করেছেন৷ এ ছাড়া স্বাক্ষরে অমিল, নামে ফুলস্টপ (.) নাই—এমন কারণ দেখিয়ে ছয়জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন বোর্ড৷ এ ছাড়া রিহ্যাবের গঠনতন্ত্র না মেনেই সংগঠনের বাইরের একজনকে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান করা হয়৷ সংগঠনের এক হাজার ৩৪০ জন সদস্য থাকলেও ভোটার করা হয়েছে মাত্র ৫০৪ জনকে৷
খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা হলেও সব সদস্যের ভোটের মাধ্যমে নয়, বরং বাছাই করেই রিহ্যাবের কমিটি করার পক্ষপাতি ছিল একটি পক্ষ৷ আর এটির নেতৃত্বে ছিলেন রিহ্যাবের সাবেক সভাপতি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ৷ নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থীর কাছ থেকে তিনি এ বিষয়ে সমর্থনও আদায় করেন৷ আর যাঁরা সমর্থন করেননি, তাঁদের মনোনয়নই অবৈধ হয়৷ শেষ পর্যন্ত তাঁর পছন্দের লোক কমিটিতে আনতে একটি তালিকা তৈরি করেন৷ আর সে অনুযায়ী নির্বাচন বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে৷
নসরুল হামিদ প্রতিমন্ত্রী হওয়ার পর গত ১১ জানুয়ারি রিহ্যাবের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন৷ তারপর জ্যেষ্ঠ সহসভাপতি মোকাররম হোসেন খান ১৭ এপ্রিল সভাপতির দায়িত্ব পান৷ প্রকৃতপক্ষে রিহ্যাবে নিজের কর্তৃত্ব ধরে রাখতেই প্রতিমন্ত্রী এমনটা করেছেন বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য৷
এ বিষয়ে জানতে চাইলে রিহ্যাবের সহসভাপতি মো. লিয়াকত আলী ভূঁইয়া বলেন, অন্য অনেক ব্যবসায়িক সংগঠনের মতো এখানেও বাছাই করে কমিটি করার পক্ষে ছিলেন সবাই৷ তবে শেষ পর্যন্ত তালিকায় নাম না থাকায় কেউ কেউ মনঃক্ষুণ্ন হয়েছেন৷ আগের প্রতিশ্রুতি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে আবার পরে বলছেন করেননি৷ এটি খুবই দুঃখজনক৷
লিয়াকত আলী ভূঁইয়া দাবি করে বলেন, ‘গঠনের নিয়ম অনুযায়ী সাবেক সভাপতি, বর্তমান সভাপতি মোকারম হোসেন খান, সভাপতি পদ প্রত্যাশী আলমগীর শামসুল আলামিন এবং আমি নিজে একাধিক বৈঠক করে ওই তালিকা তৈরি করেছি৷’
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বর্তমানে সিঙ্গাপুরে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি৷ তবে তাঁর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) এন আই আহমেদ সৈকত বলেন, রিহ্যাবের নির্বাচন নিয়ে যে অভিযোগ উঠেছে, তার সঙ্গে প্রতিমন্ত্রীর সংশ্লিষ্টতা নেই৷ ইতিমধ্যে গণমাধ্যমকে সেটি তিনি বলেছেন৷
এসব অভিযোগ নিয়ে জানতে চাইলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আক্তারুজ্জামান মঞ্জুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়, তবে তিনি ফোন ধরেননি৷ অবশ্য ইংরেজি দৈনিক দ্য নিউ এজ পত্রিকাকে (২১ মে প্রকাশিত প্রতিবেদন) তিনি বলেছেন, ‘সমস্যাটি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও রিহ্যাবের কিছু সদস্যকে নিয়ে৷ একটি ছোট তালিকা নসরুল হামিদ অফিশিয়াল চ্যানেলে আমার কাছে পাঠান এবং সব সদস্য সেটি জানেন৷’
অভিযোগকারীদের কথা: জানতে চাইলে আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেন, ‘রিহ্যাব নিয়ে যা হচ্ছে, সেটি রীতিমতো লজ্জাজনক৷ আমাদের যদি বলা হতো যে পছন্দের লোক দিয়ে কমিটি হবে, তাহলে আমরা মেনে নিতাম৷ কিন্তু নির্বাচন ডেকে এমন জালিয়াতি মানা যায় না৷’
শুরুতে প্রতিমন্ত্রীর সঙ্গে সমঝোতার মাধ্যমে বাছাই কমিটির পক্ষেই ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে আবু ইউসুফ বলেন, ‘আমাদের সঙ্গে বৈঠক করার কথা বলেও শেষ পর্যন্ত সাবেক সভাপতি সেটি করেননি৷ তা ছাড়া এ বিষয়ে আমরা কোনো লিখিত প্রতিশ্রুতিও দিইনি৷’
ভ্যালেনটাইন প্রপার্টিসের সফিক রহমান জানান, ‘১২ মে হঠাৎ করে জানতে পারি, আমার মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে৷ সেদিনই আমি নির্বাচন বোর্ডের বরাবর অভিযোগ করি৷ আসলে পুরো বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে৷