রিহ্যাবের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নির্বাচনসংক্রান্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আজ সোমবার এক রিটের প্রাথমিক শুনানির পর রুলসহ এ আদেশ দেন।
তফসিল অনুযায়ী ২০১৪-১৫ সালেরে এই নির্বাচন ৩১ মে হওয়ার কথা।
নির্বাচনের তফসিল ঘোষণার পর ৭ মে নির্বাচন বোর্ড ৭৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে। ১৪ মে প্রার্থিতা প্রত্যাহারের ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের শেষ দিন ছিল। ওই দিন ৭৭ জনের মধ্যে ৫৬ জনকে বাদ দিয়ে ২১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন বোর্ড।
ওই তালিকায় বাদ পড়া প্রাসাদ নির্মাণ লিমিটেডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ ২২ মে হাইকোর্টে রিট আবেদন করেন। আজ আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিনউদ্দিন ও রাগিব রউফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।
রুলে আবেদনকারীকে বাদ দিয়ে ১৪ মে প্রকাশিত তালিকাটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
বাণিজ্য সচিব, পরিচালক, ট্রেড অর্গানাইজেশন ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যানসহ ছয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশের বিষয়টি জানিয়ে রাগিব রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, কার্যনির্বাহী কমিটিতে ২১টি পদ আছে। নির্বাচন ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই ২১ জন প্রার্থীকে নির্বাচিত করার জন্য অসত্ উদ্দেশে অন্যদের বাদ দেওয়া হয়েছে।