রিহ্যাবের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ
দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচন আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ল।গতকাল শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আবদুল হক পদত্যাগ করায় নির্বাচন অনুষ্ঠানে জটিলতা দেখা দিল।যোগাযোগ করা হলে আবদুল হক প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন আয়োজন করার মতো পরিবেশ নেই। তাই দায়িত্বে থাকা সমীচীন নয় বলে মনে করেছি।’আবদুল হক আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে চিঠি পাঠাই। মন্ত্রণালয় এরপর রিহ্যাবের বর্তমান কমিটির মেয়াদ বাড়িয়ে দেয়। কিন্তু রিহ্যাবের সভাপতি পদত্যাগ করার পর যিনি দায়িত্ব নেন, তাঁর কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছিল না। এ জন্য শেষমেশ দায়িত্ব ছেড়ে দিয়েছি।’অন্যদিকে ১০ এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে রিহ্যাবের সভাপতি তানভীরুল হক পদত্যাগ করেন। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেন কমিটির ঊর্ধ্বতন সহসভাপতি নসরুল হামিদ।রিহ্যাব সূত্রে জানা গেছে, এর আগে গত ২৭ মার্চ রিহ্যাবের নির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু ২৫ মার্চ রাতে প্রধান নির্বাচন কমিশনার তৌফিক এম সেরাজসহ অন্য দুই নির্বাচন কমিশনার পদত্যাগ করায় নির্বাচন স্থগিত হয়ে যায়।এরপর রিহ্যাবের পর্ষদের অনুরোধে এফবিসিসিআই থেকে পরিচালক আবদুল হককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।