পুনঃ তফসিল ও নতুন ভোটার তালিকা হবে
রিহ্যাবের বর্তমান কমিটির মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে
দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এই আদেশ দিয়েছে।একই সঙ্গে সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নতুন করে পুনঃ তফসিল ঘোষণা ও নতুন ভোটার তালিকা প্রণয়নেরও নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রসঙ্গত, ২৭ মার্চ রিহ্যাবের নির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু নির্বাচনের দুই দিন আগে ২৫ মার্চ নির্বাচন কমিশন দ্বিবার্ষিক এই নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার ও দুই কমিশনার পদত্যাগ করেন। এতে নির্বাচন অনুষ্ঠানে জটিলতা দেখা দেয়। এই অবস্থায় রিহ্যাবের নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য বর্তমান পরিচালনা পর্ষদ ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) কাছে নির্বাচন কমিশন গঠন করে দেওয়ার আবেদন জানায়। এফবিসিসিআই থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আবদুল হককে মনোনীত করে রিহ্যাবকে চিঠি দেওয়া হয়। অন্যদিকে রিহ্যাবের বর্তমান নির্বাহী পরিষদ এক জরুরি বৈঠক করে বাকি দুজন কমিশনারকে নিয়োগ দেয়। জানা গেছে, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর আইনি জটিলতা নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। আর রিহ্যাবের নির্বাচন কমিশনের চিঠির জবাবে বাণিজ্য মন্ত্রণালয় কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২৮ এপ্রিল থেকে ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। অর্থাৎ বর্তমান কমিটির মেয়াদ মোট ১০৫ দিন বাড়ানো হয়েছে। যোগাযোগ করা হলে রিহ্যাবের প্রধান নির্বাচন কমিশনার আবদুল হক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, আগামী শনিবার নির্বাচনী বোর্ড বৈঠকে বসে করণীয় নির্ধারণ করবে। নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা ছাড়াও নতুন করে ভোটার তালিকা প্রণয়ন অথবা ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করা হবে।আবদুল হক আরও বলেন, নির্বাচন কমিশন সব পক্ষের সঙ্গে বৈঠক করে ভোটার তালিকার বিষয়ে সিদ্ধান্ত নেবে। যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি না থাকে। তা ছাড়া নির্বাচন করার পর যাতে ভোটার তালিকা ও তফসিল নিয়ে আইনগত জটিলতা তৈরি না হয়, তাও নিশ্চিত করা হবে। আর এ জন্য তফসিল ঘোষণা করার আগেই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হবে।রিহ্যাবের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের স্থগিত হওয়া নির্বাচনে জাগরণ, নবধারা ও পরিবর্তন নামে মোট তিনটি প্যানেলে মোট ৫০ জন প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোকাররম হোসেন খানের নেতৃত্বে ‘জাগরণ’ প্যানেল গঠন করা হয়। অন্যদিকে হামিদ রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক নসরুল হামিদের নেতৃত্বে ‘নবধারা’ প্যানেল গঠন করা হয়।