রিয়াজ রহমানকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রসচিব রিয়াজ রহমানকে তিন মাস বিদেশে যেতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে বিদেশে যেতে বাধা দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদেশে যেতে নির্দেশনা চেয়ে রিয়াজ রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।রিয়াজ রহমানের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এম বদরুদ্দোজা মামলা পরিচালনা করেন।জানা যায়, ১০ সেপ্টেম্বর রিয়াজ রহমানের সপরিবারে ভারতের কলকাতায় যাওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাঁকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বিদেশে যেতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।