রিয়াজউদ্দিন বাজারের ঘটনায় রাজনৈতিক সম্পৃক্ততার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার রাতে চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র নিউমার্কেট ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় আকস্মিক হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ রাজনৈতিক সম্পৃক্ততার সম্ভাবনাও খতিয়ে দেখছে বলে জানা গেছে। জানা গেছে, গত বুধবার রিয়াজউদ্দিন বাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাতের মাত্র একদিন আগে মঙ্গলবার জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী চট্টগ্রাম সফর করে গেছেন। এ ছাড়া যে ব্যবসায়ী সমিতি হঠাত্ আন্দোলন শুরু করেছে তাদের বেশির ভাগ সদস্যই জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আছে। আবার রিয়াজউদ্দিন বাজার এবং আশপাশের এলাকায় বেশির ভাগ ব্যবসায়ী জামায়াতের কর্মী-সমর্থক। নগর পুলিশের একজন উপকমিশনার বলেন, ‘আকস্মিক এভাবে জঙ্গি আন্দোলনের পেছনে রাজনৈতিক সম্পৃক্ততার কিছু আলামত আমরা পেয়েছি। সেই সব আমরা খতিয়ে দেখছি।’