পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আগামীকাল বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সলের সঙ্গে আলোচনা করবেন। সম্প্রতি ঢাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা-পরবর্তী পরিস্থিতি প্রাধান্য পাবে তাঁদের এ বৈঠকে।রিয়াদে বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে গতকাল রাতে রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন দীপু মনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীপু মনি সাংবাদিকদের বলেন, ‘সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ২১ মার্চ বৈঠক হবে।’ রিয়াদ সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (ইটলস) রায় ঘোষণার সময় হামবুর্গে যাওয়ার আগে বলেছিলাম, সম্ভবত জার্মানি যাওয়ার আগে কিংবা দেশে ফেরার সময় রিয়াদ যাব। কিন্তু সৌদি পররাষ্ট্রমন্ত্রী সে সময় দেশে না থাকায় আমার সফরটি হয়নি।’দীপু মনি বলেন, ‘সৌদি দূতাবাসের যে কর্মকর্তা মারা গেছেন, তিনি কূটনীতিক নন। একজন সৌদি নাগরিকের এ প্রাণহানিতে আমরা দুঃখিত।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়টি সম্পর্কে সৌদি সরকার ও এ দেশে তাদের দূতাবাস অবগত বলে তিনি দাবি করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের তদন্তে সৌদি আরব সন্তুষ্ট। এর পরও যদি সৌদি আরব তদন্তকারী দল পাঠায়, তবে আমরা স্বাগত জানাব।’জানা গেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর প্রাসাদে কিংবা দপ্তরে বৈঠক করবেন দীপু মনি। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেবেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের তদন্তের ফল জানতে আগ্রহী। ৮ মার্চ গভীর রাতে গুলশানে খালাফকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি ঢাকায় সৌদি দূতাবাসের প্রশাসনিক সহকারী হিসেবে কর্মরত ছিলেন।