হোটেলশ্রমিক রিয়াদের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে মিছিল ও সমাবেশ করা হয়েছে। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের শেরপুর আঞ্চলিক কমিটি গত শনিবার সন্ধ্যায় এ কর্মসূচির আয়োজন করে।
শ্রমিক ইউনিয়নের মিছিলটি সদর উপজেলার শেরপুর বাইপাস সড়কের সংগঠনের কার্যালয় থেকে বের হয়। পরে তা ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকা প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে ফিরে যায়।
কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা এ সময় বলেন, রাজধানীর মতিঝিলের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আরিফুল ইসলাম মুঠোফোন চুরির অভিযোগে গত বছরের ২৭ অক্টোবর কর্মচারী রিয়াদকে (১৬) গুলি করে হত্যা করেন। রিয়াদের বড় ভাই রিপন আরিফুলের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেন। রিয়াদ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিল।
সভায় বক্তারা আরিফুলের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এতে সভাপতিত্ব করেন হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির সভাপতি শংকর দাশ। আরও উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির কোষাধ্যক্ষ রমজান আলী, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।