রিয়েল এস্টেট খাত ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা-সংক্রান্ত প্রজ্ঞাপন (এসআরও) কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সে সঙ্গে ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করা হয়েছে।রিট আবেদনকারীদের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ভ্রাম্যমাণ আদালত আইন প্রণয়ন করা হয়। ওই আইনের আওতায় চলতি বছরের ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক এসআরওর মাধ্যমে রিয়েল এস্টেট খাত ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিহ্যাবের সভাপতি ও ঢাকা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ নসরুল হামিদ গত রোববার রিট আবেদনটি করেন। আবেদনের ওপর গতকাল শুনানি হয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।