রিয়েল এস্টেটের নামে কোটি টাকার প্রতারণা, চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে প্রতারণার অভিযোগে চৌধুরী রিয়েল এস্টেটের চেয়ারম্যান মনিরুল হক ওরফে মিয়া সাব চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রিয়েল এস্টেটের গ্রাহকদের দায়ের করা একটি মামলায় চট্টগ্রামের বৌ বাজার এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে গতকাল শুক্রবার সকাল থেকে গ্রাহকেরা পাওনা টাকার জন্য মিরসরাই থানায় ভিড় করতে থাকেন। মিয়া সাব চৌধুরী সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে। দীর্ঘদিন ধরে চট্টগ্রামে আত্মগোপন করেছিলেন তিনি। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, মিয়া সাব চৌধুরী রিয়েল এস্টেট ব্যবসার জন্য মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন লোক থেকে প্রতারণার মাধ্যমে এক কোটি টাকার বেশি হাতিয়ে নেন। গ্রাহকদের মোটা অঙ্কের লভ্যাংশ দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তাঁদের টাকা না দিয়ে আত্মগোপন করে থাকেন তিনি। এ ব্যাপারে গ্রাহক জয়নাল আবেদীন বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করলে ওই মামলার তাঁকে গ্রেপ্তার করা হয়।শেয়ার ক্রয় করা গ্রাহক ও মামলার বাদী জয়নাল আবেদীন, নাছির উদ্দিন, দিলওয়ারা বেগম জানান, ২০০৫ সালে মনিরুল হক ওরফে মিয়া সাব চৌধুরী মিরসরাই পৌর সদরের কলেজ রোডের সলিম মার্কেটের চতুর্থ তলায় চৌধুরী রিয়েল এস্টেট নামের একটি প্রতিষ্ঠান খুলে বসেন। সেখানে সাত-আটজন যুবককে চাকরি দিয়ে তাঁদের মাধ্যমে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন লোককে মোটা অঙ্কের লভ্যাংশ দেওয়ার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতিষ্ঠানটির গ্রাহক উপজেলার মসজিদিয়া চৌধুরীপাড়ার আবদুর রহমান জানান, মিয়া সাব চৌধুরী প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে চুক্তির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী টাকা নেওয়ার এক বছর পর প্রতিষ্ঠানের লাভ থেকে ৫০ শতাংশ লভ্যাংশসহ মূল টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার কথা ছিল। গ্রাহকেরা অভিযোগ করেন, টাকাগুলো সংগ্রহ করে মিরসরাই থেকে অফিস গুটিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিয়া সাব চৌধুরী পালিয়ে যান। পাওনা টাকার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে গ্রাহকদের প্রাণনাশের হুমকিসহ তিনি বিভিন্ন হুমকি দেন। গ্রাহকেরা অতিষ্ঠ হয়ে থানায় মামলা করলে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।