রুকনুজ্জামানকে কারা তুলে নিল, জানা গেল না

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকনুজ্জামানকে ঢাকার উত্তরা থেকে কারা তুলে নিল এবং মৌলভীবাজারে ফেলে যাওয়ার আগ পর্যন্ত দুই দিন তাঁকে কোথায় রাখা হয়েছিল, তা এখনো বের করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সূত্র জানায়, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রুকনুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবি সূত্র জানায়, এখন পর্যন্ত তারা মনে করছে ব্যক্তিগত কারণে রুকনুজ্জামান অপহৃত হয়েছেন। এই সন্দেহের কারণ পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। তিনি একাধিক বিয়ে করেছেন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর রুকনুজ্জামানকে অপহরণের পর তাঁর ভাই সাইফুল ইসলাম ও রুকনুজ্জামানের উত্তরার বাসায় থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে র্যাব-১। ওই রাতে তাঁদের র্যাব ছেড়ে দেয়। পরদিন সকালে রুকনুজ্জামানের স্বজনদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে যুক্ত ছিলেন এমন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রুকনুজ্জামানের স্বজনেরা প্রমাণ করার চেষ্টা করছিলেন যে এলাকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই অপহরণের জন্য দায়ী। কিন্তু স্বজনেরা যাদের সন্দেহ করছেন, তাদের এখন পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি।
ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম গতকাল সোমবার বলেন, রুকনুজ্জামানকে জিজ্ঞাসাবাদের আগে কিছু বলা যাচ্ছে না। তিনি সুস্থ হলেই তাঁকে ডিবি অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
রুকনুজ্জামানকে অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর ২৭ সেপ্টেম্বর মৌলভীবাজারে একটি কালো কাচের মাইক্রোবাস থেকে তাঁকে রাস্তায় ফেলে যায় অপহরণকারীরা।
রুকনুজ্জামানের এক স্বজন দাবি করেন, রুকনুজ্জামান স্থানীয় রাজনীতির কারণে ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাঁকে অপহরণ করার পর স্বজনদের ফাঁসানোর জন্য পারিবারিক বিরোধের কল্পকাহিনি তৈরি করা হয়।
প্রতিবাদ
তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ গতকাল ঢাকায় প্রথম আলো কার্যালয়ে এসে ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করে গেছেন। তাঁর দাবি, রুকনুজ্জামানের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। তিনি ৪০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত সব কাজ দাবি করেছেন বলে মেয়রের ঘনিষ্ঠ সূত্র থেকে যে খবর বের হয়েছে তা ঠিক নয়।
হারুন অর রশিদ বলেন, তাঁর বড় ভাই তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুর রশীদেরও এই ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই।